যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীনের বড় বেসরকারি তেল শোধনকারী প্রতিষ্ঠান হেংলি পেট্রোকেমিক্যাল। প্রতিষ্ঠানটি জোর দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে তাদের কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক নেই।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সম্প্রতি হেংলির একটি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরান থেকে অপরিশোধিত তেল কেনার অভিযোগ তুলে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগ সরাসরি নাকচ করেছে প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে হেংলি পেট্রোকেমিক্যাল জানায়, তারা কখনোই ইরানের সঙ্গে কোনো বাণিজ্যে জড়ায়নি। প্রতিষ্ঠানটির দাবি, তাদের সব তেল সরবরাহকারী নিশ্চিত করেছে যে সরবরাহ করা তেলের উৎস যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে না।
সম্ভাব্য চাপ মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছে হেংলি।
প্রতিষ্ঠানটির কাছে তিন মাসের বেশি সময়ের জন্য অপরিশোধিত তেলের মজুদ রয়েছে বলে জানানো হয়েছে। ফলে উৎপাদন বা সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে তারা আশ্বস্ত করেছে।
এদিকে হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারির ওপর আরোপিত নিষেধাজ্ঞার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটি। তাদের মতে, এই পদক্ষেপের কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই। নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে হেংলি।