যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কানেকটিকাট অ্যাভিনিউয়ের হিলটন হোটেলকে ঘিরে আবারও গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউজ সাংবাদিক সমিতির নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে। ঠিক একই স্থানে ৪৫ বছর আগে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন।
ঘটনাটি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে হোটেলটির নিরাপত্তা ইতিহাস ও অতীতের সহিংসতা।
১৯৮১ সালের ৩০ মার্চ এই হোটেলেই এক বক্তৃতা শেষে গাড়িতে উঠতে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে লক্ষ্য করে হামলাকারী জন হিঙ্কলি জুনিয়র ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। একটি গুলি তার পাঁজর ভেঙে ফুসফুসে আঘাত করে। তাকে দ্রুত জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয় এবং ১১ দিন পর তিনি হাসপাতাল ছাড়েন।
সেই ঘটনায় তৎকালীন হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিসের এক এজেন্ট এবং স্থানীয় এক পুলিশ কর্মকর্তা আহত হন। ব্র্যাডির মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি পরবর্তীতে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শারীরিক অক্ষমতায় জীবন কাটান। ২০১৪ সালে তার মৃত্যু হয়।
মানসিক অসুস্থতার কারণে আদালত হিঙ্কলিকে নির্দোষ ঘোষণা করলেও তাকে উচ্চ নিরাপত্তা ব্যবস্থার অধীনে সেন্ট এলিজাবেথ হাসপাতালের একটি ইউনিটে রাখা হয়। পরে ২০১৬ সালে তিনি মুক্তি পান। ওই ঘটনার পর থেকেই হোটেলটি স্থানীয়ভাবে ‘রিগ্যান হোটেল’ নামে পরিচিতি পায়।
সাড়ে চার দশক পর একই স্থানে আবারও নিরাপত্তা ভেঙে গুলির ঘটনা ঘটল। শনিবার রাতের ঘটনায় হোয়াইট হাউজ সাংবাদিক সমিতির নৈশভোজ চলাকালে সশস্ত্র এক ব্যক্তি নিরাপত্তা ভেঙে প্রবেশের চেষ্টা করে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত সিক্রেট সার্ভিসের নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। নৈশভোজে তার সঙ্গে ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন। তাদের পাশাপাশি উপস্থিত অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারাও নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।
একজন এফবিআই কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাকারী একটি শটগান দিয়ে সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ওই এজেন্ট বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে রক্ষা পান।
ঘটনার পর ৩১ বছর বয়সী সন্দেহভাজন কোল টমাস অ্যালেনকে আটক করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই ব্যক্তিকে ‘অসুস্থ’ হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। এ ঘটনায় ওয়াশিংটন ডিসিতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।