কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংঘাতপ্রবণ কাউকা অঞ্চলে মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৮ জন। স্থানীয় সময় শনিবারের এই ঘটনা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। আগামী মাসেই দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোকো উৎপাদনের জন্য পরিচিত ওই অঞ্চলে সক্রিয় সশস্ত্র গেরিলা সংগঠন এফএআরসি (ফার্ক) এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তারা দীর্ঘদিন ধরে দেশজুড়ে বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হামলার তীব্র নিন্দা জানান।
তিনি লেখেন, এই হামলার সঙ্গে জড়িতরা ‘সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী’ এবং তাদের মোকাবিলায় সেনাবাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে বলে আহ্বান জানান।
কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজম্যান এক্সে দেওয়া আরেক পোস্টে নিশ্চিত করেন, বিস্ফোরণে ১৪ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। পুলিশের একটি সূত্র জানায়, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্যান-আমেরিকান মহাসড়কে বিস্ফোরণের তীব্রতায় একাধিক যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকটি গাড়ি উল্টে পড়ে। বিস্ফোরণে সড়কের বড় অংশে গভীর গর্তের সৃষ্টি হয়, যা যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত করেছে।
কলম্বিয়ার সামরিক বাহিনীর প্রধান হুগো লোপেজ এক সংবাদ সম্মেলনে এই ঘটনাকে বেসামরিক নাগরিকদের ওপর ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মাঠে কাজ করছে।