পাবনার চাটমোহরে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ জন শিক্ষককে (কক্ষ পরিদর্শক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) গণিত পরীক্ষা চলাকালে চাটমোহর পৌর সদরের ছোট শালিকা মহল্লায় অবস্থিত সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, মাদ্রাসাটির সহকারী সুপার মো. মোসলেম উদ্দিন, সহকারী মৌলভী মো. বায়েজিদ হোসেন, মোছা. কামরুন নাহার, মোছা. আনোয়ারা খাতুন, মোছা. বুলবুলি খাতুন, হান্ডিয়াল পাইকপাড়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মো. রেজাউল করিম এবং ফৈলজানা ইউনিয়নের নেংরি হেফজুল কোরআন দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আবুল হাশেম।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সামাদ সওদা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল ওয়াহ্হাব।
তিনি জানান, ইউএনও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্বে অবহেলার প্রমাণ পান।
সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মুসা নাসের চৌধুরী।