এশিয়ান বিচ কাবাডিতে ব্রোঞ্জ পুনরুদ্ধার নারী দলের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এশিয়ান বিচ গেমস কাবাডিতে পদক জিতেছে বাংলাদেশ নারী দল। গতকাল সেমিফাইনাল লড়াইয়ে শক্তিশালী ভারতের কাছে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত করে শাহনাজ

2026-04-27T05:19:33+00:00
2026-04-27T05:19:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলা
এশিয়ান বিচ কাবাডিতে ব্রোঞ্জ পুনরুদ্ধার নারী দলের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:১৯ এএম 
সেমিফাইনালে ভারতের কাছে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত করে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
এশিয়ান বিচ গেমস কাবাডিতে পদক জিতেছে বাংলাদেশ নারী দল। গতকাল সেমিফাইনাল লড়াইয়ে শক্তিশালী ভারতের কাছে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত করে শাহনাজ পারভীন মালেকার দল। ২০১২ সালে চীনের হেইংয়ে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে প্রথমবার পদক জেতার ইতিহাস গড়ে মেয়েরা। 

দীর্ঘ ১৪ বছর অপেক্ষার পর আবারও একই ইভেন্টে সেই ব্রোঞ্জেই নাম লেখাল লাল-সবুজের মেয়েরা। কাকতালীয় ব্যাপার ২০১২ সালে চীন থেকেই পদক জিতে ঘরে ফিরেছিল দল, এবারও সেই চীনেই বাজিমাত কাবাডি দলের। এমন সাফল্যে দারুণ খুশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পদকজয়ী মেয়েদের অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ফাইনালে পৌঁছাতে না পারলেও খালি হাতে ফিরছে না বাংলাদেশ; সেমিফাইনালে খেলায় নিয়ম অনুযায়ী নিশ্চিত হয়েছে বাংলাদেশের ব্রোঞ্জ পদক। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলা বাংলাদেশের নারী দলটি র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করল।

ম্যাচের শুরু থেকেই ভারতীয় ডিফেন্ডার এবং রেইডারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করার চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের খেলা শেষে স্কোর ছিল ভারত ২২-১৫ বাংলাদেশ। মাত্র ৭ পয়েন্টের ব্যবধান থাকায় বিরতি পর্যন্ত ম্যাচে ফেরার ভালো সম্ভাবনা টিকিয়ে রেখেছিল বাংলাদেশ।

তবে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে বাংলাদেশের রক্ষণভাগ। ভারতের অভিজ্ঞ রেইডারদের পয়েন্ট সংগ্রহের ঝড়ে ব্যবধান দ্রুত বাড়তে থাকে। শেষ বাঁশি বাজার সময় স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫০, আর বাংলাদেশ থামে ৩১ পয়েন্টে। শেষ পর্যন্ত ১৯ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে খেলা শেষ করে ভারত।

সেমিফাইনালে হারলেও টুর্নামেন্টের সামগ্রিক পারফরম্যান্সে গর্ব করার মতো অনেক কিছুই আছে বাংলাদেশের জন্য। নকআউট পর্বে পৌঁছানোর মাধ্যমেই বাংলাদেশের পদক জয় নিশ্চিত হয়েছিল। টুর্নামেন্টের র‌্যাঙ্কিং অনুযায়ী তৃতীয় স্থানে থেকে এবারের আসর শেষ করল বাংলাদেশ নারী দল। এমন সাফল্যেও আক্ষেপের সুর কোচ শাহনাজ পারভীন মালেকার কণ্ঠে। এই আক্ষেপ অবশ্য ব্যক্তিগত কারণে।

 দীর্ঘ ১৬ বছর জাতীয় কাবাডি দলকে নেতৃত্ব দিয়েছেন মালেকা। খেলোয়াড় হিসেবে ১০টি পদক জয়ের অনন্য রেকর্ড রয়েছে তার। খেলোয়াড় হিসেবে সফল মালেকা কোচ হিসেবেও দেশের জন্য সাফল্য বয়ে এনেছেন। তার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গন থেকে ৪টি পদক জিতেছে বাংলাদেশ।

২০০৮ সালে লাল-সবুজ কাবাডি দলের অধিনায়ক হিসেবে মালেকার শুরু। ২০২৩ সালে গিয়ে তিনি থেমেছেন। চীন থেকে মোবাইল ফোনে সময়ের আলোকে মালেকা জানান, কাবাডি দল এবার দারুণ পারফরম্যান্স করেছে। ১৪ বছর পর ব্রোঞ্জ পুনরুদ্ধার করেছে। ২০১২ সালে যখন প্রথমবার এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জিতেছিল দল, সেবার আমি অধিনায়ক ছিলাম। 

এবার কোচ হিসেবে পদক জয়ের সাক্ষী হলাম। তবে একটা আক্ষেপ দারুণভাবে পোড়াচ্ছে। মন্ত্রী মহোদয় ক্রীড়া কার্ড, ক্রীড়া ভাতা চালু করেছেন। আমি খেলোয়াড় হিসেবে এত সাফল্য এনে দেওয়ার পরও সেভাবে স্বীকৃতি পাইনি, কোচ হিসেবে সাফল্য আনার পর হয়তো মিলবে না। তবে গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের কথাগুলো যেন মন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়। আমার মতো যারা দীর্ঘদিন দেশের জন্য সাফল্য বয়ে এনেছেন, তাদের যেন মূল্যায়ন হয়। আমরা যেন ক্রীড়া ভাতায় যুক্ত হতে পারি, সরকারের কাছ থেকে সম্মাননা পাই।

উল্লেখ্য, শাহনাজ পারভীন মালেকা কাবাডির ইতিহাস সেরা খেলোয়াড়, কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। জাতীয় ক্রীড়া পুরস্কারেরও তালিকাতেও তার নাম রয়েছে। সরকারের স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে আক্ষেপ ঘোচাতে পারবেন তো মালেকা?


  বিষয়:   সেমিফাইনাল  ভারত  ব্রোঞ্জ  বাংলাদেশ  কাবাডি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: