ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাতে সদর ইউনিয়নের সাগরদিঘির পাড় গ্রামের পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাগরদিঘির পাড় গ্রামের একটি বালুর মাঠ দখল করে ধান ও খড় শুকানোকে কেন্দ্র করে পশ্চিম পাড়ার প্রভাবশালী বোরহান মিয়ার সঙ্গে স্থানীয় কিশোরদের বাকবিতণ্ডা হয়। এর জেরে বিকেলে পূর্ব পাড়ার শিবাব মিয়া (২৩) নামের এক তরুণকে মারধর ও একটি দোকানে হামলা চালায় বোরহান মিয়ার লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুই পাড়ার সমর্থনে পার্শ্ববর্তী মালিগাঁও ও হালুয়াপাড়ার লোকজনও অংশ নিলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা।
সংঘর্ষে সরাইল থানার দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/কহু