শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য আমেরিকার অযৌক্তিক দাবিকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। পাকিস্তান ও ওমানে কূটনৈতিক সফর শেষে বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন।
আরাগচি জানান, ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসার পরিবেশ ও শর্তাবলি নিয়ে বিস্তারিত কথা হয়েছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে মাত্রাতিরিক্ত কিছু শর্ত জুড়ে দেওয়ায় সেই আলোচনা সফল হতে পারেনি। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে রুশ মিত্রদের সঙ্গে বিশেষ পরামর্শ করতেই তার এই মস্কো সফর।
হরমুজ প্রণালী বন্ধ রাখার বিষয়ে আরাগচি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে নিরাপদ যাতায়াত এখন একটি বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে। তবে ওমানের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের অভিন্ন স্বার্থ জড়িয়ে আছে। এই জলপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে মাস্কাটের সঙ্গে তেহরানের ঐকমত্য হয়েছে এবং এ বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
/কহু