সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ঘিরে আপিল শুনানির প্রথম দিনেই ভিন্নধর্মী সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থিত প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে, অন্যদিকে আপত্তির মুখে থাকা বিএনপির দুই প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ইসি সূত্রে জানা যায়, সরকারি চাকরি ছাড়ার পর আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমা পূরণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। আপিলের পরও কমিশন একই সিদ্ধান্ত বহাল রাখে। ফলে সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনে তার অংশগ্রহণের পথ আপাতত বন্ধ হয়ে গেল।
তবে এ সিদ্ধান্ত মেনে নিতে নারাজ মনিরা শারমিন। তিনি জানিয়েছেন, বিষয়টি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন। তার দাবি, আইনের কিছু অস্পষ্টতা নারী প্রার্থীদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে, যা নিরসন প্রয়োজন।
আরও পড়ুন
অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জীবা আমিন খানের প্রার্থিতা নিয়ে করা আপিল খারিজ করে দিয়েছে ইসি। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, যিনি আপিল করেছিলেন তিনি নিজে প্রার্থী না হওয়ায় আইনগতভাবে আবেদন গ্রহণযোগ্য ছিল না। ফলে জীবা আমিন খানের মনোনয়ন বৈধ থাকে।
একই ধরনের কারণে বিএনপির আরেক প্রার্থী মাধবী মারমার বিরুদ্ধেও করা আপিল আবেদন খারিজ হয়েছে। আপিলকারী আইন অনুযায়ী ‘সংক্ষুব্ধ প্রার্থী’ না হওয়ায় তার আবেদন গ্রহণযোগ্য হয়নি বলে জানায় কমিশন।
তবে আপিল খারিজ হওয়া পক্ষগুলোও থেমে নেই। মাধবী মারমার বিরুদ্ধে আপিলকারী চন্দ্রা চাকমা জানিয়েছেন, তারা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এএডি/