টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে একদিনে অন্তত ৫৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরিন আকসী সামি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলার কালিয়া, বড়চওনা, কাকড়াজাম ইউনিয়ন এবং পৌরসভার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বা একাধিক পাগলা কুকুর হঠাৎ করে বিভিন্ন এলাকায় মানুষকে ধাওয়া করে কামড়াতে শুরু করে। এতে পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আক্রান্ত হন। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। বর্তমানে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন অনেকে।
আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা এবং রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আরএমও ডা. অরিন আকসী সামি বলেন, একদিনে এতসংখ্যক কুকুরে কামড়ানোর ঘটনা অস্বাভাবিক। আক্রান্তদের মধ্যে অনেকেই একাধিক স্থানে কামড়ের শিকার হয়েছেন। নিয়ম অনুযায়ী, তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং পরবর্তী ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপজেলা কর্মকর্তা ড. সাইদুর রহমান জানান, কুকুর মারা নিষেধ। পাগলা কুকুর শনাক্তে করে ধরার মতো কোনো আধুনিক সরঞ্জামও আমাদের কাছে নেই।
এফআর