‘তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি হচ্ছে বলে আভাস দিয়েছে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের

2026-04-27T19:18:25+00:00
2026-04-27T19:18:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:১৮ পিএম 
তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপান। ছবি : সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি হচ্ছে বলে আভাস দিয়েছে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা। এখন দেশটির সঙ্গে ‘শেষ’ পর্যায়ের দর কষাকষি চলছে। থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থায় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি একটি বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৭ এপ্রিল) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)-এর সঙ্গে মতবিনিময় সভায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, তৃতীয় টার্মিনালে সেবার মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে যাত্রীসেবা আরও আধুনিক ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সভায় চেয়ারম্যান আরও জানান, তৃতীয় টার্মিনাল ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে। জাপানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পরিচালনা চুক্তি সম্পন্নের প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই চুক্তিটি করা হবে। এ পর্যন্ত একাধিক দফা আলোচনা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করা হয়।

মোস্তফা মাহমুদ সিদ্দিক আরও বলেন, চুক্তি স্বাক্ষরের পর কমপক্ষে তিন মাস সময় লাগবে এবং এরপর ৬ মাস থেকে এক বছরের একটি টেস্ট রান পরিচালনা করা হবে। টেস্ট রানের পর সীমিত পরিসরে টার্মিনাল চালু করা সম্ভব হবে। সরকার ১৬ ডিসেম্বরকে একটি ডেডলাইন হিসেবে নির্ধারণ করেছে জানিয়ে চেয়ারম্যান বলেন, সেই লক্ষ্য সামনে রেখেই কাজ এগিয়ে চলছে।
আরও পড়ুন

চেয়ারম্যান জানান, সরকার নির্ধারিত সময়সীমা সামনে রেখে কাজ এগিয়ে চলছে। তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনায় দ্রুত শিফটিং ঝুঁকিপূর্ণ হওয়ায় সতর্কতার সঙ্গে ধাপে ধাপে কার্যক্রম এগোনো হচ্ছে।

তৃতীয় টার্মিনালের ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিত মেইনটেনেন্স কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত সাপোর্ট দেবে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) অডিট না হওয়া প্রসঙ্গে চেয়ারম্যান জানান, সর্বশেষ অডিট সম্পন্ন হয়েছে ২০১৮ সালে। ২০২৪ সালে তাদের আসার কথা ছিল, তবে সিকিউরিটি কনসার্নের কারণে তারা আসেনি। এ বছরের অক্টোবরে একটি অডিট টিম আসার কথা রয়েছে। তবে মূল অডিট ২০২৭ সালের মাঝামাঝি থেকে শেষের মধ্যে হবে বলে তারা আমাদের জানিয়েছে।

তিনি আরও বলেন, অডিট দেরি হওয়ার পেছনে আরও কিছু বিষয় ছিল, যেগুলো ইতোমধ্যে সমাধান করা হয়েছে। অনুষ্ঠানে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ এটিজেএফবি এবং বেবিচকের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএডি/


  বিষয়:   রাজধানী  হযরত  শাহজালাল  আন্তর্জাতিক  বিমানবন্দর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: