আগামী দুই দিন দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, দেশের বিস্তীর্ণ অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, যার প্রভাবে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বইবে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে জারি করা এই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট- এই সাত বিভাগের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে তীব্র বজ্রপাত ও দমকা বৃষ্টি।
আরও পড়ুন
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত আরেকটি সতর্কবার্তায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীপথে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টিতে নৌযান চলাচলে ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে ছোট নৌকা ও ট্রলারের ক্ষেত্রে। একইসঙ্গে বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা স্থানে অবস্থান না করার পরামর্শও দেওয়া হয়েছে।
এএডি/