নোয়াখালী জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সিএনজিতে মাইক লাগিয়ে মো. আলো (৩২) নামে এক যুবক স্লোগান দিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই যুবক। ঘটনাস্থল থেকে মাইক ও সিএনজি জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি সিএনজি অটোরিকশায় দুটি মাইক স্থাপন করে মাইজদী শহরের জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে উপস্থিত হন নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার বাসিন্দা আলো। এ সময় তিনি মাইকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক দ্রুত পালিয়ে যান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, স্লোগান দেওয়া যুবকের নাম আলো। তার মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই