লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা ‘কখনোই গ্রহণযোগ্য নয়’। তিনি প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সোমবার আলজাজিরার প্রতিবেদনে তার বক্তব্যটি প্রচার করা হয়েছে।
কাসেম বলেন, আমরা কোনোভাবেই গত মার্চের আগের (পূর্বাবস্থায়) স্থিতাবস্থায় ফিরে যাব না। আমরা ইসরাইলি আগ্রাসনের জবাব দেব এবং এটি মোকাবিলা করব। শত্রু যতই হুমকি দেক না কেন, আমরা পিছু হটব না, মাথা নত করব না এবং আমরা পরাজিত হব না।
বক্তব্যে নাঈম কাসেম বলেন, একটি সম্ভাব্য যুদ্ধবিরতি বাস্তবায়নে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, তবে তা সত্ত্বেও হিজবুল্লাহ তাদের অস্ত্র ত্যাগ করবে না। তার ভাষায়, আমরা আমাদের অস্ত্র ছাড়ব না। প্রতিরক্ষা ও যুদ্ধক্ষেত্রে আমাদের প্রস্তুতি প্রমাণিত হয়েছে।
হিজবুল্লাহপ্রধান আরও দাবি করেন, ইসরাইল তাদের যোদ্ধাদের ‘অটল অবস্থান’ দেখে বিস্মিত হয়েছে। এই লড়াইয়ে তাদের পরাজিত করা সম্ভব নয়। তিনি সরকারের সমালোচনা করে বলেন, কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ছাড় দিয়েছে। সরাসরি আলোচনার পথ থেকে সরে এসে পরোক্ষ আলোচনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের ত্যাগ অনেক বড় কিন্তু মুক্তি এবং মর্যাদাপূর্ণ জীবনের জন্য এটাই চড়া মূল্য। আমাদের জনগণ দুটি বিকল্পের একটি বেছে নিয়েছে।
তা হলো হয় মুক্তি ও গৌরব, অথবা দখলদারিত্ব ও লাঞ্ছনা। আমরা লেবানন এবং এর জনগণের সুরক্ষায় আমাদের রক্ষণাত্মক প্রতিরোধ অব্যাহত রাখছি। কাসেম দাবি করেন যে তাদের সক্ষমতা ‘অক্ষয়’। ইসরাইল লেবাননে টিকে থাকতে পারবে না বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।