প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ওয়াশিংটনের এক ডিনার অনুষ্ঠানে নিরাপত্তাবলয় ভেদ করে ঢোকার চেষ্টাকালে মার্কিন সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে গুলি করার অভিযোগে অভিযুক্ত টমাসকে সোমবার ফৌজদারি অভিযোগে আদালতে হাজির করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেনকে ওয়াশিংটনের ফেডারেল আদালতে প্রথমবারের মতো হাজির করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুদিন আগে তারা হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে এক হামলার প্রচেষ্টা নস্যাৎ করে দেয়।
এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ওয়াশিংটনের প্রধান ফেডারেল প্রসিকিউটর মার্কিন অ্যাটর্নি জিনিন পিরোর মতে, অ্যালেনের বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা এবং সহিংস অপরাধের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হবে। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, হত্যাচেষ্টাসহ অন্যান্য অভিযোগও সম্ভব, তবে এখনও তদন্ত চলমান।
অ্যালেন তার পরিবারের সদস্যদের কাছে একটি ঘোষণাপত্র রেখে গেছেন, যেখানে তিনি নিজেকে ‘বন্ধুত্বপূর্ণ ফেডারেল আসাসিন’ (হত্যাকারী) বলে উল্লেখ করেছেন। সেখানে তিনি হোটেলের বলরুমে উপস্থিত ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করার পরিকল্পনা করেছিলেন।
ব্ল্যাঞ্চ জানান, তার টার্গেটের মধ্যে স্বয়ং ট্রাম্পও অন্তর্ভুক্ত থাকতে পারেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেন ডিনার আয়োজনের হোটেল ওয়াশিংটন হিলটনে একটি কক্ষ বুক করেছিলেন এবং ট্রেনে করে ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটন ভ্রমণ করেছিলেন।
সোমবারের এজলাসটি সংক্ষিপ্ত হবে বলে আশা করা হচ্ছে। বিচারক অ্যালেনকে তার আইনি অধিকার সম্পর্কে অবহিত করবেন এবং মামলা চলাকালে প্রসিকিউটররা তার আটকের আবেদন করবেন বলে ধারণা করা হচ্ছে। অ্যালেন এখনও অভিযোগের জবাব দেননি। তার কোনো আইনজীবী আছে কি না তা তাৎক্ষণিক জানা যায়নি।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হোটেলের ভেতরে একটি চেকপয়েন্টে সন্দেহভাজন ব্যক্তি একটি সিক্রেট সার্ভিস এজেন্টের দিকে শটগান দিয়ে গুলি করেন। তারপর তাকে নিয়ন্ত্রণে এনে আটক করা হয়। ট্রাম্প অনলাইনে যে ভিডিও ফুটেজ পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে সন্দেহভাজন ব্যক্তি বলরুমের বাইরের করিডোর দিয়ে দৌড়ে ঢুকছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাবলয়ের ভেতরেই সন্দেহভাজনকে নিরস্ত্র করা হয়। কিন্তু এই ঘটনা ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সিক্রেট সার্ভিস এজেন্টটি গুলিবিদ্ধ হলেও, বুলেটপ্রুফ ভেস্ট গুলিটি থামিয়ে দেয় এবং কয়েক ঘণ্টা পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেনের কাছে শটগানের পাশাপাশি একটি হ্যান্ডগান ও একাধিক ছুরি ছিল। তাকে আটকের পর স্থানীয় হাসপাতালেও নেওয়া হয়েছিল।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সিএনএনকে জানান, সন্দেহভাজন ‘কয়েক রাউন্ড গুলি ছুড়েছিল’। এখন কর্তৃপক্ষ অ্যালেনের কথিত ঘোষণাপত্র এবং তার সোশ্যাল মিডিয়ার ইতিহাস পর্যালোচনা করছে। অ্যালেনকে ট্রাম্প ‘খ্রিস্টবিরোধী’ বলে বর্ণনা করেছেন। কর্তৃপক্ষ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে এবং তাকে এই হিংসাত্মক হামলা চালানোর পেছনে কী কারণ থাকতে পারে তা জানার চেষ্টা করছে।
ব্ল্যাঞ্চ বলেন, আমরা এখনও উদ্দেশ্য বা মোটিভ বোঝার চেষ্টা করছি। আমাদের প্রাথমিক তদন্ত থেকে মনে হচ্ছে সন্দেহভাজন প্রশাসনের সদস্যদের লক্ষ্য করেছিল। নোটটিতে বিস্তারিতভাবে বেশ কিছু ক্ষোভের কথা উল্লেখ করা হয়েছে, যা কর্তৃপক্ষকে সেই মোটিভের দিকে নির্দেশ করতে পারে। যার মধ্যে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করাও রয়েছে। ঘোষণাপত্রে অ্যালেন এও লিখেছেন যে, তিনি কোনো প্রকার ক্ষমা প্রত্যাশা করেন না। ব্ল্যাঞ্চ বলেছেন সন্দেহভাজন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে না।
এদিকে আটক ব্যক্তি ‘মানসিকভাবে অত্যন্ত অসুস্থ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, অ্যালেন আগে খ্রিস্টান ছিলেন, বিশ্বাসী ছিলেন। কিন্তু পরে খ্রিস্টানবিরোধী হয়ে ওঠেন এবং তার মধ্যে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, অ্যালেন সম্ভবত অত্যন্ত অসুস্থ মানসিকতার মানুষ।
ঘোষণাপত্রে অভিযুক্ত ব্যক্তি বলেছিলেন, তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন অ্যালেন। গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ পদ থেকে শুরু করে ক্রমান্বয়ে নিচের পর্যায়ের কর্মকর্তাদের নিশানার জন্য তালিকাভুক্ত করেছিলেন তিনি। তবে এফবিআই পরিচালক কাশ প্যাটেলকে সেই তালিকা থেকে বাদ রেখেছিলেন।
অ্যালেনের লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক)-এ পড়াশোনা করেছেন, যেখানে তিনি স্কুলের ক্রিশ্চিয়ান ফেলোশিপ সংগঠন এবং এর নার্ফ ক্লাবে অংশ নিয়েছিলেন। ২০১৬ সালের ফেসবুক ছবিতেও তাকে স্কুলের ক্রিশ্চিয়ান ফেলোশিপের অনুষ্ঠানে দেখা গেছে।
ছাত্র থাকাকালে ২০১৭ সালে হুইলচেয়ারের জন্য জরুরি ব্রেকের একটি প্রোটোটাইপ তৈরির জন্য অ্যালেনকে একটি স্থানীয় সংবাদ প্রতিবেদনে দেখা গিয়েছিল। তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে স্নাতক হন।
স্নাতক শেষ করার পর, তিনি সি২ এডুকেশন-এ খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ পান, যা একটি টেস্ট প্রিপ ও টিউটরিং কোম্পানি। কোম্পানির সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, সি২ অ্যালেনকে ২০২৪ সালের ডিসেম্বরে কোম্পানির ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে মনোনীত করেছিল।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, অ্যালেনের বোন মেরিল্যান্ডের রকভিলে থাকেন। তিনি কর্তৃপক্ষকে জানান যে সাম্প্রতিক বছরগুলোতে অ্যালেন রাজনৈতিকভাবে সক্রিয় হন। বামপন্থি গোষ্ঠী দ্য ওয়াইড অ্যাওয়েকস-এ যোগ দেন। ফেডারেল ইলেকশন কমিশনের রেকর্ড অনুযায়ী, অ্যালেন ২০২৪ সালের অক্টোবরে কমলা হ্যারিসের রাষ্ট্রপতি অভিযানে ২৫ ডলার দান করেছিলেন।
অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর (এটিএফ) তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৩ সালের ৬ অক্টোবর, অ্যালেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি দোকান থেকে একটি পয়েন্ট ৩৮-ক্যালিবার আধা-স্বয়ংক্রিয় পিস্তল ক্রয় করেছিলেন। ২০২৫ সালের ১৭ আগস্ট, অ্যালেন তার নিজ শহর টরেন্সের অন্য একটি বন্দুকের দোকান থেকে একটি ১২-গেজ শটগান ক্রয় করেন।
বন্দুকগুলো আইনত কেনা হয়েছিল এবং উভয় ক্ষেত্রেই অ্যালেনকে তার তথ্য এফবিআইয়ের অনাপত্তিপত্র জমা দিতে হয়েছিল। যাতে নিশ্চিত করা যায় যে তিনি কোনো গ্রেফতারি পরোয়ানাভুক্ত, নিষেধাজ্ঞার আদেশের আওতাধীন, বা দোষী সাব্যস্ত আসামি নন। ব্ল্যাঞ্চ জানান, লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে ওয়াশিংটন যাত্রা করার পর, সন্দেহভাজন ওয়াশিংটন হিলটনে চেক ইন করে, যেখানে বার্ষিক করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠিত হয়।
হোয়াইট হাউস জানায়, শনিবার সন্ধ্যায়, তিনি পরিবারের সদস্যদের কাছে তার লেখা ঘোষণাপত্র পাঠান। যাতে ‘স্পষ্টভাবে বলা ছিল যে তিনি প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করতে চান।’ নোটটিতে তিনি তার বাবা-মা, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন যে, তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করেননি। যদিও তিনি যোগ করেন, যদি একেবারে প্রয়োজন হতো তবে টার্গেটের কাছে পৌঁছানোর জন্য আমি এখানে প্রায় সবার ভেতর দিয়েই যেতাম।
বার্তায় সন্দেহভাজন যুক্তি দেন যে তার হামলা খ্রিস্টীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক নয়। তিনি লেখেন, কারও ওপর যখন জুলুম করা হয় তখন অন্য গাল পেতে দেওয়া খ্রিস্টীয় আচরণ নয়; এটি জালিমের অপরাধে সহযোগিতা করা। নোটটি ক্ষোভের সুরে শেষ হয়। লেখা হয়, এই প্রশাসন যা করেছে সবকিছু ভেবে আমি ক্রোধে ফুঁসে উঠি।
বার্তাটি পাওয়ার পর, তার ভাই কানেটিকাটের নিউ লন্ডন পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের অন্য সদস্যরাও পুলিশ সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করেন।
হোয়াইট হাউস জানিয়েছে এরই মধ্যে সিক্রেট সার্ভিস এজেন্ট এবং মন্টগোমারি কাউন্টি পুলিশ রকভিলে সন্দেহভাজনের ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছে। লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠ টরেন্সে অ্যালেনের বাড়িতে তদন্ত চালাচ্ছে এফবিআই সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক অ্যালেনের এক প্রতিবেশী সিএনএনকে বলেছেন, অ্যালেন বাড়িটিতে থাকেন কি না সে সম্পর্কে তিনি নিশ্চিত নন। বাড়িটিতে অ্যালেনকে তেমন একটা দেখা না গেলেও ‘কয়েক দিন আগে’ সেখানে দেখতে পান প্রতিবেশীরা। তবে তারা এও বলেন, অ্যালেনের বাবা বন্ধুবৎসল ও আলাপি মানুষ। তারা প্রায়ই গল্পগুজব করেন।