ইতিহাস গড়া বাংলাদেশ নারী হকি দলের সামনে এখন বড় স্বপ্ন এশিয়ান গেমসের বাছাইপর্বের ফাইনালে খেলা। আজ সিঙ্গাপুরের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি জিতে শিরোপার মঞ্চে জায়গা করে নিতে চায় জাহিদ হোসেন রাজুর দল।
এশিয়ান গেমসের বাছাইপর্বে দুর্দান্ত খেলছে অর্পিতা, আইরিন, কনারা। গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে পা রেখেছে শেষ চারে। শুরুটা হয়েছে চাইনিজ তাইপের বিপক্ষে। প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও ৫-৫ গোলে ড্র করে টার্ফ ছাড়ে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে মূলপর্বে উঠার স্বপ্ন জাগিয়ে তোলে। গ্রুপপর্বের শেষ ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হয় দল। সেখানেও জয়ের হাসি বাংলাদেশের। হংকংকে ২-১ গোলে হারিয়ে অর্পিতারা শুধু শেষ চারই নয়, টিকেট কাটে মূলপর্বেরও। যা চলতি বছরের সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে।
সিঙ্গাপুরের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ সামনে রেখে সতর্ক বাংলাদেশ। জয়ের ধারাবাহিতা ধরে রাখার চ্যালেঞ্জ তো রয়েছেই, সেই সঙ্গে কোটি মানুষের প্রত্যাশার চাপও। তবে সেসব চাপ মোটেও মাথায় রাখছেন না মেয়েদের কোচ রাজু। ইন্দোনেশিয়া থেকে মোবাইল ফোনে সময়ের আলোকে তিনি জানান, ‘আমরা বাছাইপর্বের গ্রুপ রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছি। এখান থেকে আমাদের একটাই লক্ষ্য, ভালো খেলে ফাইনালে ওঠা। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আশা করি গ্রুপপর্বের পারফরম্যান্সের ধারাবাহিকতা সেমিফাইনালেও থাকবে।’
সিঙ্গাপুর দল হিসেবে কতটা শক্তিশালী এমন প্রশ্নে জাহিদ হোসেন রাজু জানান, ‘সিঙ্গাপুর ভালো দল। চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, হংকংয়ের মতোই। যেহেতু আমরা এখন দলগুলোর বিপক্ষে খেলেছি, জিতেছি। আশা করি সিঙ্গাপুরের বিপক্ষে যদি মেয়েরা নিজেদের সম্পূর্ণ চেষ্টাটা অব্যাহত রাখে, পরিকল্পনা অনুযায়ী খেলে, তা হলে আমাদের অধীনেই রেজাল্ট আসবে। তবে একটা কথা বলা জরুরি। সিঙ্গাপুর কিন্তু অনেক প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়ান গেমসের বাছাইপর্বে এসেছে। আমরা কিন্তু কোনো প্রস্তুতি ম্যাচই খেলিনি। শুধু বিকেএসপিতে নবম-দশম শ্রেণির ছেলেদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছি। খেলার ঘাটতি থাকলেও মেয়েদের নিয়ে আমি আশাবাদী। তারা হতাশ করবে না।’
দলে কোনো ইনজুরি সমস্যা নেই। অর্পিতা-আইরিনরা বেশ চনমনে। সিঙ্গাপুর ম্যাচের আগে স্ট্রেচিং অনুশীলনের পাশাপাশি পূর্ব ম্যাচের ভুলত্রুটি নিয়েও কাজ করেছে দল। এ প্রসঙ্গে কোচ জানান, ‘কিছু ভুলভ্রান্তি তো ছিলই। সিঙ্গাপুর ম্যাচের আগে সেগুলো শুধরানের চেষ্টা করা হয়েছে। আগের তিন ম্যাচেই আমরা শেষ দিকে স্কোর করেছি। সিঙ্গাপুরের ম্যাচের আগে লক্ষ্য থাকবে স্কোর শিটে দ্রুত নাম তোলা। প্রতিপক্ষকে চাপা রেখে ম্যাচ নিজেদের অধীনে নিয়ে আসা।’
আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক অর্পিতা পাল জানান, ‘আমরা শুরু থেকেই নিজেদের গুছিয়ে, নিজেদের রক্ষণ সামলে আক্রমণে উঠেছি। গোল করে ম্যাচ বের করে এনেছি। কিছু ভুল ছিল। যা সামনের ম্যাচে করতে চাই না। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের লক্ষ্য পরিষ্কার। জয় ভিন্ন কিছুই ভাবছি না। সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে খেলতে চাই।’
অর্পিতা আরও যোগ করেন, বাংলাদেশ ছাড়ার আগে অর্থাৎ টুর্নামেন্টে যোগ দেওয়ার আগে অনেকেই বলেছিল চাইনিজ তাইপে, হংকং, উজেবেকিস্তান অনেক বড় দল। ওদের সঙ্গে জেতা সহজ হবে না। কিন্তু আমরা মাঠে নেমে প্রমাণ করেছি আমরা বাংলাদেশিরাও কোনো অংশে কম নই। অন্য দলগুলোকে যেহেতু হারাতে পেরেছি, কাল (আজ) সিঙ্গাপুরকেও হারাতে পারব।