কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে আবারও নাটক নির্মাণ করবেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এর আগেও রাবেয়া খাতুনের গল্প নিয়ে একাধিক নাটক পরিচালনা করেছেন তিনি।
গত রোজার ঈদে বানিয়েছিলেন নাটক ‘সখিনা’। আসছে কুরবানির ঈদের জন্যও বেছে নিয়েছেন রাবেয়া খাতুনের গল্প। নাটকের নাম ‘ভালোবেসেছিলাম’। আগামী ১ মে থেকে শুরু হবে এর শুটিং।
পরিচালনার পাশাপাশি আবুল হায়াত নিজেও অভিনয় করবেন ভালোবেসেছিলাম নাটকে। এতে আরও থাকছেন ডলি জহুর, রওনক হাসান ও জাকিয়া বারী মম।
আবুল হায়াত জানান, নাটকটির চিত্রনাট্যের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং শিল্পীদের সঙ্গে প্রয়োজনীয় মহড়াও সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারও তিনি দর্শককে একটি মানসম্পন্ন জীবনমুখী গল্প উপহার দিতে চান। সবকিছু ঠিক থাকলে ১ মে থেকেই শুটিং শুরু হবে।
রাবেয়া খাতুনের গল্প নিয়ে নিয়মিত নাটক নির্মাণের নেপথ্যে রয়েছে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের বিশেষ অনুরোধ। এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘সাগর আমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে।
অনেক আগে থেকে সাগরের চাওয়া আমি যেন প্রতি ঈদে তার মায়ের গল্প নিয়ে অন্তত একটি নাটক নির্মাণ করি। তার এই চাওয়া আমার কাছেও ভীষণ ভালো লাগার। চাওয়াটা সাগরের হলেও আমার নিজের মনের মতো করেই নির্মাণ করি।’
অভিনয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন আবুল হায়াত। সম্প্রতি শুরু করেছেন ভিকি জাহেদ পরিচালিত একটি নাটকের শুটিং।
এই নাটকের শুটিং শেষ করে ২৯ এপ্রিল তিনি কাজ করবেন মীর আরমান হোসেনের ‘ভুল নামের ফুল’ নাটকের। এরপরই তিনি নিজের পরিচালিত ভালোবেসেছিলাম নাটকের শুটিং শুরু করবেন।