প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৪২ এএম
সুভাষ ঘাই। সংগৃহীত ছবিনব্বই দশকের সিনেমার প্রতি দর্শকদের আলাদা টান আজও অটুট। পুরোনো সেই জনপ্রিয় গল্পগুলো পর্দায় ফিরলে এখনও নস্টালজিয়ায় ভাসেন সিনেপ্রেমীরা। তাই সিক্যুয়েলের এই সময়ে পুরোনো দিনের কিছু ক্লাসিক সিনেমার দ্বিতীয় কিস্তি ফিরছে বড়পর্দায়। সেই ধারাবাহিকতায় ২৭ বছর আগের সিনেমা ‘তাল’ আবারও ফিরছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯৯ সালে পরিচালক সুভাষ ঘাই নির্মিত বলিউডের ব্লকবাস্টার এই সিনেমা মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল।
অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনিল কাপুর অভিনীত এই প্রেমকাহিনি এখনও বহু দর্শকের প্রিয় তালিকায় রয়েছে। আর সেই সিনেমার সিক্যুয়েল ‘তাল ২’ নিয়েই এবার নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি সামাজিকমাধ্যমে এক পোস্টে সিনেমাটির নির্মাতা সুভাষ ঘাই প্রশ্ন তুলেছেন আজকের সময়ে ‘তাল ২’ তৈরি করা সম্ভব কি না। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।
পরিচালকের কথায়, ‘এখনকার জেন জি দর্শক এই গল্প কতটা গ্রহণ করবে, সেটাই ভাবাচ্ছে। স্ক্রিপ্ট প্রায় তৈরি। কাস্টিং নিয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি। তিনি ইঙ্গিত দিয়েছেন, সঠিক সময় ও সঠিক শিল্পী নির্বাচনই এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই নির্মাতা আরও জানান, গত ১৫ বছর ধরে দর্শকরা তাকে নিয়মিত জিগ্যেস করছেন কবে আবার ‘তাল’ ফিরবে। এমনকি নতুন প্রজন্মও সিনেমাটির দ্বিতীয় কিস্তি দেখতে আগ্রহ দেখাচ্ছে।
তিনি বলেন, ‘তখন অক্ষয় খান্না ও ঐশ্বরিয়া দুজনেই নতুন ছিলেন। তাদের প্রেমের গল্প দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। অন্যদিকে অনিল কাপুর ছিলেন অভিজ্ঞ অভিনেতা। সঠিক চরিত্রে সঠিক শিল্পী নির্বাচনই ছবির বড় শক্তি। ভালো স্ক্রিপ্টের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাস্টিং।’
সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, ‘তাল ২’ নিয়ে ভাবনা অনেক দূর এগোলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যদি সবকিছু ঠিকঠাক এগোয়, তা হলে ২৭ বছর পর ফের বড়পর্দায় ফিরতে পারে নব্বই দশকের সেই আইকনিক প্রেমকাহিনি।