ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে অস্থির শিশুপ্রাণ

অজয় সাহা রায়পুরা (নরসিংদী)

সারাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে অবস্থিত ১৮৪ নং করিমগঞ্জ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম ঝুঁকি নিয়েই ক্লাস করতে বাধ্য হচ্ছে কোমলমতি

2026-04-28T03:57:21+00:00
2026-04-28T03:57:21+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে অস্থির শিশুপ্রাণ
অজয় সাহা রায়পুরা (নরসিংদী)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৫৭ এএম 
সংগৃহীত ছবি
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে অবস্থিত ১৮৪ নং করিমগঞ্জ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম ঝুঁকি নিয়েই ক্লাস করতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। জরাজীর্ণ ও ভাঙাচোরা ভবনে প্রতিদিন ক্লাস করতে গিয়ে সর্বদা আতঙ্কের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের।  আতঙ্ক পিছু ছাড়ছে না শিক্ষক এবং অভিভাবকদেরও।

সরেজমিন দেখা যায়, বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ে অনেক জায়গায় রড বের হয়ে গেছে। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ায় শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের।

কথা হয় করিমগঞ্জ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে। এ সময় তিনি বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই ক্লাস নিতে হচ্ছে আমাদের। নরসিংদীতে ঘনঘন ভূমিকম্প হয়। কখন কী ঘটে যায় সবসময় সে ভয়েই থাকি।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলেও আশ্বস্ত করেন সোহরাব হোসেন।

সরেজমিন কথা হয় করিমগঞ্জ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা ইয়াসমিনের সঙ্গে। এ সময় তিনি বলেন, যেকোনো মুহূর্তে ভবনটি ধসে যেতে পারে। ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট দফতরে একাধিকবার জানানো হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমস্যা নিরসনের চেষ্টা করছেন। এমতাবস্থায় একটি নতুন ভবন নির্মাণ হলে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের খুবই উপকার হবে।

করিমগঞ্জ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তারা জানায়, মাঝেমধ্যেই বিদ্যালয় ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। প্রতিনিয়ত তাদের ভয় আর আতঙ্ক নিয়ে শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে হয়। করিমগঞ্জ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা আরও জানায়, তাদের স্কুলে পাঠানোর পর থেকে ছুটি শেষে বাসায় না ফেরা পর্যন্ত দুশ্চিন্তায় ডুবে থাকেন তাদের অভিভাবকরা।

কয়েকজন অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপকালে তারা অভিযোগ করে বলেন, সন্তানদের স্কুলে পাঠানোর পর থেকে ঘরে ফিরে না আসা পর্যন্ত তারা উদ্বিগ্ন থাকেন। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে চান না। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ করার দাবি জানিয়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা আরও বলেন, যত দ্রুত সম্ভব স্কুলের নতুন ভবন নির্মাণ করতে হবে। আর তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

 অ্যাডভোকেট মমিন মিয়া নামে একজন অভিভাবক বলেন, আমাদের কাছে সন্তানের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ভবনে তাদের রাখা খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুততম সময়ের মধ্যে এই বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।


  বিষয়:   নরসিংদী  রায়পুরা  উপজেলা  আমিরগঞ্জ  ইউনিয়ন  করিমগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: