যুদ্ধ বিরতি এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির শীর্ষ নীতিনির্ধারকদের আলোচনায় রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট সকালে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে ইরানের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জানা গেছে, চলমান সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালি সচল করতে ওয়াশিংটনের কাছে প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে এতে একটি শর্ত জুড়ে দিয়েছে ইরান। তাদের দাবি, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কিত আলোচনা আপাতত স্থগিত রেখে ভবিষ্যতের জন্য নির্ধারণ করতে হবে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প আগেই স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
এ বিষয়ে মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, ইরান ইস্যুতে প্রেসিডেন্টের ‘রেড লাইন’ সুস্পষ্টভাবে নির্ধারিত রয়েছে।
হোয়াইট হাউসের তথ্যমতে, প্রস্তাবটি নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হবে।
আরবিএন