প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:২৭ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবিইরানের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক একটি শান্তি প্রস্তাবে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সসহ মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, চলমান যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা না করার যে প্রস্তাব তেহরান দিয়েছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
ইরানের দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, বর্তমান সংঘাত বা যুদ্ধ শেষ হওয়ার পর তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে আগ্রহী। তবে হোয়াইট হাউসের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের স্পষ্ট করে বলেছেন, তিনি এই প্রস্তাবে সন্তুষ্ট নন। ট্রাম্পের দাবি, যেকোনো আলোচনার শুরুতেই পারমাণবিক ইস্যুটির সমাধান করতে হবে; এটি যুদ্ধের পরবর্তী সময়ের জন্য ফেলে রাখা যাবে না।
সিএনএন-এর প্রতিবেদনে দুই জন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্প এই প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। মার্কিন প্রশাসনের ধারণা, পারমাণবিক প্রশ্নের সমাধান না করেই ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে তেহরানের ওপর ওয়াশিংটনের যে চাপ বা নিয়ন্ত্রণ রয়েছে, তা শিথিল হয়ে যাবে।
বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ও তার উপদেষ্টাদের মধ্যে এই নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। ট্রাম্প চাইছেন ইরানের পরমাণু কেন্দ্রগুলো এবং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে শুরুতেই একটি টেকসই সমাধান। অন্যদিকে ইরান চাইছে আগে যুদ্ধের ইতি টানতে। এই বিপরীতমুখী অবস্থানের কারণে দুই দেশের মধ্যকার সম্পর্কের অচলাবস্থা কাটানোর পথে বড় ধরনের বাধা তৈরি হয়েছে।
/কহু