সরকারের জিরো টলারেন্স নীতি ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ফলে সীমান্তে অপরাধ দমন ও নিরাপত্তায় বড় ধরনের সাফল্য এসেছে। গত বছরের তুলনায় সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সন্ত্রাসী কার্যক্রম দমনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। সীমান্তে অপরাধী গ্রেপ্তারের হার গত বছরের তুলনায় প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মাদক ও চোরাচালান পণ্য জব্দ করার ক্ষেত্রে অভিযানের সফলতা বেড়েছে ৪০ শতাংশ। জাতীয় সম্পদ রক্ষায় বিজিবি প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল পাচার রোধ করতে সক্ষম হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি সাফল্য। মানবপাচার প্রতিরোধেও ২৫ শতাংশ ইতিবাচক উন্নতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দেশের বিদ্যুৎ পরিস্থিতি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ডা. জাহেদ উর রহমান গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তিনি জানান, আজ ২৮ এপ্রিল রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি বা ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। জ্বালানি স্থাপনের পর বিভিন্ন কারিগরি পরীক্ষা শেষে আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ ২০২৭ সালের শেষ নাগাদ গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের মোট চাহিদার ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় ২ কোটি মানুষ সরাসরি বিদ্যুৎ সুবিধা পাবেন।
জ্বালানি তেলের মজুত প্রসঙ্গে উপদেষ্টা জানান, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার ৯৬৪ টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে। অন্যান্য জ্বালানি তেলেরও পর্যাপ্ত মজুত রয়েছে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
/কহু