নোয়াখালীর জেলা শহর মাইজদীতে প্রকাশ্যে সিএনজি অটোরিকশায় মাইক বাজিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান দেওয়ায় মো. আলাউদ্দিন আলো (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার (২৭ এপ্রিল) রাতে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে, একই দিন সকালে মাইজদী শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আটক আলাউদ্দিন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং যুবলীগের কর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত একটি অটোরিকশাটির ওপরে মাইক দুটি বেঁধে ভেতরে বসে আলাউদ্দিন মাইকে স্লোগান দিতে দিতে শহরের পৌর বাজার এলাকা থেকে সুধারাম মডেল থানার দিকে যায়। সেখানে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তখন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন। সেখানে সিএনজি অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়েও স্লোগান দেন তিনি।
এ সময় স্থানীয় কিছু বাসিন্দা তেড়ে এলে অটোরিকশায় উঠে যান। পরে ওই বাসিন্দারা অটোরিকশা থেকে তাকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন আলোকে। অটোরিকশা চালককেও চড়-থাপ্পড় দেন তারা। এরপর মাইক কেড়ে নিয়ে ওই যুবক ও অটোরিকশা চালককে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মাইক জব্দ করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, জনগণ তাকে মারধর করার কারণে আহত অবস্থায় আছেন। আটকের পর চিকিৎসা দিয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই