প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:১৬ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান। ছবি : সংগৃহীতশিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম (কাইয়ুম) বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী একজন হোটেল কর্মচারী। নিরাপত্তাকর্মী জাহাঙ্গীরের মাধ্যমে তিনি জানতে পারেন যে, একটি বাসায় শিশুকে দেখাশোনার জন্য গৃহকর্মী প্রয়োজন। পরে শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীর সঙ্গে যোগাযোগের পর গত বছরের জুন মাসে ১১ বছর বয়সী তার মেয়েকে ওই বাসায় কাজে দেন তিনি।
অভিযোগ অনুযায়ী, গত বছরের ২ নভেম্বর শিশুটিকে শেষবার সুস্থ অবস্থায় তার বাবা দেখে যান। এরপর তাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পরে চলতি বছরের ৩১ জানুয়ারি শিশুটির অসুস্থতার কথা জানিয়ে তাকে নিয়ে যেতে বলা হয়। শিশুটিকে ফেরত আনার পর তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান বাবা।
অভিযোগে বলা হয়, শিশুটি জানায় তাকে একাধিকবার মারধর করা হয়েছে এবং গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেওয়া হয়েছে। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শফিকুর রহমান ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
জেডও/