আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না। আমেরিকা রাশিয়ায় ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন কার সঙ্গে যুদ্ধ করেছি? হাওয়ার সঙ্গে যুদ্ধ করেছে মুক্তিবাহিনী? আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি।
আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে আমি একটা পরিস্কার কথা বলে দিতে চাই, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নাই বলে মন্তব্য করে তিনি বলেন, জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নাই এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নাই।
এদিন, দুপুরে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ‘মুক্তিযুদ্ধ’ নিয়ে বক্তব্যে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফজলুর রহমানের উদ্দেশ্যে বলেন, একজনের অবদান তুলে ধরতে গিয়ে অন্যের অবদান খাটো করার অধিকার কারও নেই।
কে কোন রাজনৈতিক দল করবে বা কোন আদর্শ অনুসরণ করবে, তা ব্যক্তির নাগরিক অধিকার এবং এ বিষয়ে প্রশ্ন তোলা সংবিধানসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।
/ইউএমএইচ