দারুণ এক জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে পাওয়া জয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে সামনে নতুন চ্যালেঞ্জ বৃষ্টি। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে নামার আগে সবচেয়ে বড় চিন্তা এখন আবহাওয়া। চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ম্যাচের স্বাভাবিক গতিই ব্যাহত হতে পারে। তবে মাঠে খেলা হলে জয়ের ধারা ধরে রেখে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যই থাকবে স্বাগতিকদের। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে যে ব্যাটিং দেখিয়েছে বাংলাদেশ, তা সাম্প্রতিক সময়ের চেনা ছবির থেকে একেবারেই আলাদা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি। তানজিদ হাসান ও সাইফ হাসান দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছেন। তাদের বিদায়ের সময় দলের রান তাড়ার গতি গিয়ে দাঁড়ায় ওভারে দশের ওপরে।
কিন্তু সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন মিডল অর্ডারের তিন ব্যাটার তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন। তাদের ধারাবাহিক পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত দুই ওভার হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। বিশেষ করে শামীমের ১৩ বলে ৩১ রানের ইনিংসটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট, যা ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে।
তবে ব্যাটিংয়ে প্রশংসা থাকলেও বোলিং নিয়ে কিছুটা চিন্তা আছে দলের। প্রথম ম্যাচে বোলাররা কিছুটা বেশি আক্রমণাত্মক হয়ে পড়ায় নিউজিল্যান্ডকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়নি। দ্বিতীয় ম্যাচে তাই বোলিং পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। দলের অন্যতম স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান যেমনটা বললেন, আমরা সবাই জানি বরাবর চিটাগাংয়ের উইকেট কেমন হয়। ব্যাটিং ফ্রেন্ডলি ও বোলারদের জন্য একটু কঠিন হয়ে থাকে। বোলারদের সবসময় কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়।
অন্যদিকে নিউজিল্যান্ডও প্রথম ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছে। কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভারের হাফসেঞ্চুরি তাদের আত্মবিশ্বাস জোগাবে। দুজনই উইকেটের দুপাশেই দারুণ শট খেলেছেন। শেষ দিকে ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি-ও ইনিংসটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের বোলিং ছিল কিছুটা অনিয়মিত। বাঁ-হাতি পেসার বেন লিস্টার ভালো শুরু দিলেও অন্যরা সেই চাপ ধরে রাখতে পারেননি। এমনকি অভিজ্ঞ স্পিনার ইশ সোধিও ওভারপ্রতি ১০ রান খরচ করেছেন। এই ম্যাচে নজর থাকবে দুই দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ওপর। বাংলাদেশের হয়ে শামীম হোসেনের ফিনিশিং ক্ষমতা আবারও পরীক্ষা হবে। উইকেটের পেছনে তার অভিনব ছক্কা ইতিমধ্যেই নজর কেড়েছে সবার। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং ও পার্ট-টাইম বোলিংয়েও তিনি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
নিউজিল্যান্ডের হয়ে নজর কাড়তে পারেন কাটেনে ক্লার্ক। প্রথম ম্যাচেই ৩৪ বলে হাফসেঞ্চুরি করে নিজের সামর্থ্যরে জানান দিয়েছেন তিনি। স্কয়ার কাট, মিডউইকেটে চিপ শট কিংবা রিভার্স হিট সব মিলিয়ে বেশ পরিণত ব্যাটিং করেছেন। তাকে ঠেকাতে বাংলাদেশকে ভিন্ন ভিন্ন লাইন-লেংথে বল করতে হতে পারে।
দলগতভাবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বাংলাদেশের। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে একই একাদশ নিয়েই নামতে পারে তারা। অন্যদিকে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম চোট কাটিয়ে উঠতে না পারলে আজও নেতৃত্ব দেবেন নিক কেলি। এ ছাড়া স্পিন বিভাগে পরিবর্তন এনে জেডেন লেনক্সকে খেলানোর কথাও ভাবতে পারে সফরকারীরা।
চট্টগ্রামের উইকেট ঐতিহ্যগতভাবেই ব্যাটিংসহায়ক, প্রথম ম্যাচেও সেটির প্রমাণ মিলেছে। তবে সব পরিকল্পনাকেই ছাপিয়ে যেতে পারে আবহাওয়া। ম্যাচের আগের দিনই ভারী বৃষ্টি হয়েছে আর ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঠে খেলা হলে লড়াই জমজমাট হওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশ চাইবে সিরিজ নিশ্চিত করতে আর নিউজিল্যান্ড লড়বে সমতায় ফিরতে। এখন দেখার বিষয় বৃষ্টি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য কতটা বদলে দেয়।