থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে। সেখানে

2026-04-29T02:11:43+00:00
2026-04-29T02:11:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:১১ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে। সেখানে দ্বিতীয় একটি অপারেটর নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর ফলে দীর্ঘদিন ধরে সমালোচিত এ খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, থার্ড টার্মিনালে বিমানের পাশাপাশি দ্বিতীয় অপারেটর নিয়োগ দেওয়া হবে, যা গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করবে।

তিনি আরও জানান, সুমিতোমো কর্পোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামের হাতে বিমানের পাশাপাশি দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নির্বাচন করার ক্ষমতা থাকবে।

২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হয়। এর আগে বিগত সরকারের আমলে বিদেশি এয়ারলাইনসগুলোর আপত্তির মুখে একটি জাপানি প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় ছিল। মূলত রাষ্ট্রায়ত্ত সংস্থাটির সেবার মান নিয়ে উদ্বেগ থেকেই সেই আপত্তি ওঠে।

পরবর্তীতে নির্দিষ্ট মেয়াদ ও শর্তসাপেক্ষে বিমানকে তাদের সক্ষমতা প্রমাণের সুযোগ দেওয়া হয়। বর্তমানে সংস্থাটি নিজস্ব ফ্লাইটের পাশাপাশি বাংলাদেশে পরিচালিত সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে থাকে। এ খাত থেকে তাদের বার্ষিক আয় ১ থেকে ২ হাজার কোটি টাকা।

তবে যাত্রী ও সংশ্লিষ্টদের অভিযোগ, বিশেষ করে ব্যাগেজ হ্যান্ডলিংয়ে ধীরগতি ও অদক্ষতা রয়েছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করেছে, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাগেজ সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

চুক্তিতে ‘জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকবে’

বেবিচক চেয়ারম্যান মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে জাতীয় স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে।

তিনি বলেন, চুক্তিটি হবে ন্যায্য। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করা হবে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে নয় দফা আলোচনা করেছি।

উভয় পক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও কিছু ক্ষেত্রে মতপার্থক্য রয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে চুক্তি চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গত ৩ এপ্রিল বাংলাদেশ ও জাপানের মধ্যে এ বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে এমবারকেশন ফি, অগ্রিম অর্থ প্রদান এবং আয় ভাগাভাগির পদ্ধতি। এ সময় প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জাপানি পক্ষকে বাংলাদেশের অবস্থান বিবেচনায় সংশোধিত প্রস্তাব দিতে অনুরোধ করেন।

এই কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো কর্পোরেশন, নিপ্পন কোয়ি এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন।

টার্মিনাল চালুতে বিলম্ব

২০২৪ সালের আগস্টে প্রকল্পের কাজ ৯৮ শতাংশ সম্পন্ন হলেও একই বছরের ডিসেম্বরে চালুর প্রাথমিক লক্ষ্য থেকে প্রায় ১৮ মাস পিছিয়ে রয়েছে তৃতীয় টার্মিনাল। ব্যবস্থাপনা ও আয় ভাগাভাগি নিয়ে বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের মতবিরোধের কারণেই এ বিলম্ব হয়েছে।

চালুর নতুন সময়সীমা সম্পর্কে বেবিচক চেয়ারম্যান বলেন, চুক্তি স্বাক্ষরের পর অন্তত তিন মাস সময় লাগবে। এরপর ছয় মাস থেকে এক বছর পরীক্ষামূলক কার্যক্রম চলবে।

তিনি বলেন, পরীক্ষামূলক কার্যক্রম শুরুর ছয় মাস পর আংশিকভাবে তৃতীয় টার্মিনাল চালু করার আশা করছি।

সরকার ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান তিনি।

দীর্ঘদিন অচল থাকায় স্থাপিত সরঞ্জাম নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি ডিসেম্বর ২০২৬ পর্যন্ত রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা দিয়েছে এবং জুন ২০২৭ পর্যন্ত সহায়তার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে।

দ্রুত বিমানবন্দর শিফটিংয়ের ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, বিশ্বের অনেক গবেষণা অনুযায়ী, বিমানবন্দরের ৭৪ শতাংশ শিফটিং ব্যর্থ হয়। তাই আমরা সময় নিয়ে এগোচ্ছি।



  বিষয়:   রাজধানী  হযরত  শাহজালাল  আন্তর্জাতিক  বিমানবন্দর  তৃতীয়  টার্মিনাল  গ্রাউন্ড  হ্যান্ডলিং  সেবা  বিমান  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: