নাটোরের লালপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আট বছরের এক শিশু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত বাবাকে জড়িয়ে ধরতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায়।
নিহত আব্দুল্লাহ (৮) ওই এলাকার অটোচালক আল আমিনের একমাত্র সন্তান। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনদের বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হন আল আমিন। তীব্র যন্ত্রণায় চিৎকার শুরু করলে ঘরের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসে শিশু আব্দুল্লাহ। বাবার অসহায় অবস্থা দেখে তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে জড়িয়ে ধরে সে। এতে সেও বিদ্যুতের সংস্পর্শে এসে মারাত্মকভাবে আহত হয়।
এ সময় শিশুটির মা দ্রুত মেইন সুইচ বন্ধ করেন। স্থানীয়রা ছুটে এলেও ততক্ষণে শিশুটি মারা যায়। তবে প্রাণে বেঁচে যান বাবা আল আমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা। বারবার জ্ঞান হারাচ্ছেন মা। আর বাবা আল আমিন বিলাপ করে বলছেন, আমি মারা গেলে আমার ছেলেটা বেঁচে থাকত।
মঙ্গলবার দুপুরের আগে শিশুটিকে দাফন করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।