ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা যৌথভাবে অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।
অভিযানে এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস ও আইএনসি-১ ব্রিকস নামের পাঁচটি ইটভাটাকে ছয় লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ধামরাই উপজেলার সুতিপাড়া ও নান্নার ইউনিয়নে অবস্থিত এসব ইটভাটায় প্রয়োজনীয় ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার বলেন, অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।