নড়াইলের কালিয়া উপজেলায় পরীক্ষা চলাকালীন স্কুল ভবনের ওপর একটি নারিকেল গাছ উপড়ে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে কালিয়া উপজেলার ছোট কালিয়া মোড়ে অবস্থিত শামসুন্নাহার কেজি স্কুলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। হঠাৎ বিকট শব্দে পাশের একটি বিশাল নারিকেল গাছ স্কুল ভবনের ওপর উপড়ে পড়ে। এতে কক্ষের ভেতরে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং গাছের আঘাতে বেশ কয়েকজন জখম হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও শিক্ষকরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলেন, ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)। আহতদের মধ্যে সিয়াম শেখের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার সব ব্যয় স্কুল কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছে। পাশাপাশি স্কুলের সব বৈধ কাগজপত্র তলব করা হয়েছে। তদন্তে কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, স্কুলের আশেপাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলোর বিষয়ে আগে থেকেই সতর্ক হওয়া উচিত ছিল। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর স্কুলের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
সময়ের আলো/জোই