পিএসএল ফাইনালে পেশোয়ারের হয়ে মাঠ মাতাবেন নাহিদ রানা

সময়ের আলো ডেস্ক

খেলা

পাকিস্তানের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের ঠিক আগে পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ফাইনালে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন বাংলাদেশের গতিদানব নাহিদ রানা।

2026-04-29T15:47:52+00:00
2026-04-29T15:47:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
পিএসএল ফাইনালে পেশোয়ারের হয়ে মাঠ মাতাবেন নাহিদ রানা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৪৭ পিএম 
নাহিদ রানা। সংগৃহীত ছবি
পাকিস্তানের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের ঠিক আগে পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ফাইনালে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন বাংলাদেশের গতিদানব নাহিদ রানা। বুধবার (২৯ এপ্রিল) পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত তামিম ইকবালের মধ্যস্থতায় বিসিবি এই তরুণ পেসারকে ফাইনালে খেলার অনুমতি দিয়েছে বলে জানা গেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন নাহিদ রানা। এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাকে পিএসএলে ফেরার অনুমতি দিতে শুরুতে নারাজ ছিল বিসিবি। তবে পেশোয়ার জালমি ফাইনালে ওঠার পর তাদের অন্যতম প্রধান অস্ত্র নাহিদকে পেতে মরিয়া হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজিটি। শেষ পর্যন্ত জাভেদ আফ্রিদির অনুরোধ ও বিসিবির মেডিকেল বিভাগের সবুজ সংকেত মেলায় কাঙ্ক্ষিত এনওসি (অনাপত্তিপত্র) পান তিনি। এক্সে (সাবেক টুইটার) জাভেদ আফ্রিদি লিখেছেন, ‘পিএসএল ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ভাইকে ধন্যবাদ।’

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, কিউইদের বিপক্ষে সিরিজ শেষে নাহিদ রানার পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন ছিল, যা এরই মধ্যে পূরণ হয়েছে। আগামী ৩ মে (রোববার) পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী সেদিন বাংলাদেশ দলের অনুশীলনে নাহিদের ৬-৭ ওভার বোলিং করার কথা ছিল। এর পরিবর্তে ফাইনালে তিনি সর্বোচ্চ ৪ ওভার বোলিং করবেন, যা তার ফিটনেসে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। এছাড়া ফাইনালে খেলার অভিজ্ঞতা ও টেম্পারমেন্ট তাকে আসন্ন পাকিস্তান সিরিজে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করছে বোর্ড।

এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলার। তার গতি আর বাউন্সে কুপোকাত হয়েছেন পাকিস্তানের বাঘা বাঘা ব্যাটাররা। বিশেষ করে করাচি কিংসের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পারফরম্যান্সটি ছিল আসরের অন্যতম সেরা বোলিং স্পেল। গত আসরে দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে এবার ৬০ লাখ রুপিতে তাকে দলে নিয়ে পূর্ণ আস্থার প্রতিদান পেয়েছে বাবর আজমের দল।

/কহু



  বিষয়:   পিএসএল  নাহিদ রানা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: