রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ফরেনসিক বিভাগের চিকিৎসকরা তার ময়নাতদন্ত সম্পন্ন করেন। পরে নিউমার্কেট থানা পুলিশ মরদেহটি স্বজনদের কাছে বুঝিয়ে দেয়।
মরদেহ গ্রহণ করেন নিহতের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন। তিনি জানান, যশোরের কোতোয়ালি উপজেলায় তাদের পারিবারিক কবরস্থানে টিটনের দাফন সম্পন্ন করা হবে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মোল্যা শাহাদাৎ প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিটনের শরীরে মোট সাতটি গুলির চিহ্ন রয়েছে। এর মধ্যে মাথার ডান পাশে কানের উপরে, বাম ভ্রুর উপরে, পিঠের বাম পাশের নিচে, ডান পাশের উপরের অংশে, বাম হাতের কনুই ও কনুইয়ের নিচে এবং বাম বগলের নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে। এছাড়া পেটের ডান পাশে কোমরের উপরে একটি রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে তারা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।