ঢাকা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ কার্যকরী কমিটি গঠনের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ভোট দিয়েছেন ২ হাজার ৭৫৯ জন আইনজীবী। বৃহস্পতিবারও একইভাবে ভোট গ্রহণ হবে। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এশিয়ার বৃহত্তম এ বার সমিতিতে প্রায় ৩৭ হাজার আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এ নির্বাচনে ২০ হাজার ৭২৭ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এ নির্বাচনে সিনিয়র অ্যাডভোকেট মোঃ বোরহান উদ্দিন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। যার অধীনে ১০ জন কমিশনার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার মোঃ আনিসুর রহমান ও রায়হান মোর্শেদ জানান, এবারের নির্বাচনে সম্পাদকীয় পদে ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে ১০ জন সহ মোট ২৩ টি পদের অনুকূলে ৫৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ও জামাত সমর্থিত সবুজ প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন বিভিন্ন পদে আইনজীবী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম খান এর নেতৃত্বে নীল প্যানেল। জামায়াত ও সমমনা সমর্থিত সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল।
এছাড়া সভাপতি পদে মোঃ ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেব বিভিন্ন পদে ৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকায় আওয়ামীলীগর কোন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। এবরের নির্বাচনে প্রার্থীদের মধ্যে ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে উভয় দলের নেতা-কর্মীরা আশাবাদী।
/ইউএমএইচ