বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সঙ্গে একটি বড় উড়োজাহাজ ক্রয় চুক্তি করতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক এবং এভিয়েশন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। বিমানের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের প্রতিনিধি চুক্তিতে সই করবেন।
বিমান সূত্রে জানা গেছে, এই চুক্তির আওতায় মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে থাকবে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার, যা দেশের এভিয়েশন খাতে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে।
এই নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে বিমানের দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক রুটেও সেবা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ দূরত্বের গন্তব্যে ব্যবহৃত হবে, আর ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যম দূরত্বের রুটে পরিচালিত হবে।
এ সময়ই এই বড় চুক্তিটি হচ্ছে, যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে, যা দেশের বিমান পরিবহন খাতকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে।
উল্লেখ্য, উড়োজাহাজ বিক্রির ক্ষেত্রে বোয়িং ও এয়ারবাসের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা চলছিল। ২০২৩ সালে কিছুটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বোয়িংই এই চুক্তিতে সফলভাবে এগিয়ে আসে।
/ইউএমএইচ