ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় আবারও থামিয়ে দেওয়া হলো গাজামুখী একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, ফলে গন্তব্যে পৌঁছানোর আগেই কার্যত থেমে গেল পুরো মিশন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আলজাজিরার প্রকাশিত এক বিবৃতিতে ফ্লোটিলা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, আন্তর্জাতিক জলসীমায় তাদের ঘিরে ফেলে ইসরায়েলি নৌবাহিনী।
শুধু নজরদারিই নয়- ড্রোন ও যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রযুক্তি ব্যবহার করে বহরটির কার্যক্রম অচল করে দেওয়া হয়। এরপর সশস্ত্র সদস্যরা সরাসরি অভিযানে অংশ নেয় বলে দাবি তাদের।
ফ্লোটিলার তথ্য অনুযায়ী, বহরের অন্তত ১১টি জাহাজের সঙ্গে হঠাৎ করেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। একই সময়ে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, অন্তত ৭টি জাহাজ জব্দ করা হয়েছে। এতে বহরের নিরাপত্তা ও যাত্রীদের অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
আরও পড়ুন
ফ্লোটিলা কর্তৃপক্ষ এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা দাবি করেছে, নৌযানগুলোকে ঘিরে ধরে হুমকি ও ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে।
এই বহরের মূল লক্ষ্য ছিল অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের কাছে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু সামরিক অভিযানের কারণে সেই প্রচেষ্টা আরেকবার থেমে গেল।
ঘটনার পর ফ্লোটিলা সংগঠকরা বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তাদের মতে, এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে মানবিক সহায়তা উদ্যোগগুলোকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে।
এএডি/