রাজধানীর ডেমরা আমুলিয়া মডেল টাউন ইমো রোটো ফ্লেক্সি প্যাক কালি তৈরির কারখানায় আগুনের ঘটনায় ফায়ার ফাইটারসহ দুইজন দগ্ধ হয়েছে। এরা হলেন কর্মচারী মো. সুজন (২২) ও ফায়ার ফাইটার মো. নাঈম হোসাইন (২৮)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধ সুজনের সহকর্মী মো. সোহেল জানান, বৃহস্পতিবার সকালের দিকে আমুলিয়া মডেল টাউন এলাকার ইমো রোটো ফ্লেক্সি প্যাক কালী তৈরির কারখানার ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। সেখান থেকে সুজন দগ্ধ হয়। পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, সুজনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর গ্রামে। বাবার নাম মো. সুরুজ্জামান মিয়ার। সে ওই কারখানার মেশিন অপারেটর কাজ করে। দগ্ধ নাঈম হোসেন বঙ্গবাজার ইউনিটের ফায়ারম্যান হিসেবে কর্মরত।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, ডেমরার আমুলিয়া থেকে ওই কারখানার কর্মচারী ও এক ফায়ারম্যান আমাদের এখানে এসেছে। কর্মচারী সুজনের ৬০ শতাংশ ও ফায়ার ফাইটার নাঈম হোসেনের ডান পায়ে সামান্য দগ্ধ হয়েছে।
সময়ের আলো/আআ