নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ রাজা চার্লসের প্রতি আহ্বান জানিয়েছেন। বর্তমানে রাজা চার্লস যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তার সফরের মাঝেই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই মেয়র এ মন্তব্য করেন।
গত বুধবার তিনি এ মন্তব্য করেন বলে জানা গেছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের নাইন-ইলেভেন হামলায় নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মামদানি।
সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজা চার্লসের সঙ্গে যদি আমার আলাদা করে কথা বলার সুযোগ হয়, তবে আমি তাকে কোহিনূর হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য তাগিদ দেব। পরে ওই অনুষ্ঠানে রাজা চার্লসের সঙ্গে মামদানির কথা হয়। তবে মামদানি রাজার কাছে বিষয়টি তুলেছিলেন কি না, সে বিষয়ে তার কার্যালয় কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, ১০৫ ক্যারেটের বিখ্যাত এই হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য এর আগে বেশ কয়েকবার যুক্তরাজ্যের কাছে দাবি জানিয়েছে ভারত।
জানা যায়, ১৮৪৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখলের পর সেখানকার ক্ষমতাচ্যুত এক নেতার কাছ থেকে কোহিনূর হীরাটি ছিনিয়ে নেয়। এরপর ১৮৫০ সালে তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেলের উদ্যোগে বিশাল এই হীরাটি রানি ভিক্টোরিয়াকে উপহার দেওয়া হয়।
এর আগে এই হীরাটি তাদের দেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি অত্যন্ত মূল্যবান শিল্পকর্ম বলে জানিয়েছিল ভারত।
ব্রিটিশদের কাছে কোহিনূর থাকাটা তাদের ঔপনিবেশিক শাসনামলের নিষ্ঠুরতারই প্রতীক বলেও মনে করেন অনেক ভারতীয়।
ঐতিহাসিক রাজপ্রাসাদ দেখভালকারী দাতব্য সংস্থা 'হিস্টোরিক রয়্যাল প্যালেসেস'-এর বরাতে জানা য়ায়, ব্রিটিশদের হাতে যাওয়ার আগে এই হীরাটি ভারতের মুঘল সম্রাট, ইরানের শাহ, আফগানিস্তানের আমির এবং শিখ মহারাজাদের মালিকানায় ছিল।