মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তিতে সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিক এই ক্রয়চুক্তি সই হয়।
জানা গেছে, আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ঐতিহাসিক এই চুক্তি সই করলো জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
চুক্তি অনুযায়ী, এতে ব্যয় হবে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। কিস্তিতে এই অর্থ পরিশোধ করা হবে ১০ থেকে ২০ বছর মেয়াদে।
বোয়িংয়ের কাছ থেকে প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে ও বাকিগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, একটি সমৃদ্ধ এভিয়েশন খাত পর্যটন, যাত্রী সেবা ও কর্মসংস্থান তৈরিতে অবদান রাখে। নতুন এই যাত্রা নিউইয়র্কসহ বিভিন্ন রুটের কানেকটিভিটি বাড়ানো ও সুযোগ-সুবিধা বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি খাতেই শক্ত অবস্থান গড়ে তুলতে কাজ করছেন বলেও জানান তিনি।