জাতীয় সংসদ ভবনে নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশন পরিদর্শনে
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
জাতীয় সংসদ ভবনে নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশন পরিদর্শনে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দেড় শতাধিক শিক্ষার্থীর সঙ্গে সংসদ ভবনের শপথ কক্ষে মিলিত হন তিনি। এসময় তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
নিজের কলেজের ছোট ভাইদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিচারণ করে বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিলো।’
এ সময় দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী। পরে তিনি উপস্থিত ছাত্র ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন।
নিজের প্রাক্তন কলেজের ছোট ভাইদের সঙ্গে ফটোসেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
এর আগে, আগত শিক্ষার্থীরা সংসদ ভবনের শপথ কক্ষে আসন গ্রহণ করেন। এসময়, তাদের সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।
উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে জাতীয় সংসদের স্পিকারকে পত্র প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বৃহস্পতিবার) সংসদে ভাষণ দেওয়ায়, শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তার প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান।