দেশীয় সিনেমায় শ্রমিকের গল্প

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে অনেক সিনেমা। যেখানে উঠে এসেছে তাদের ঘাম ঝরানো জীবনের গল্প। ঢাকাই সিনেমাতেও এর

2026-05-01T06:10:33+00:00
2026-05-01T06:10:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
দেশীয় সিনেমায় শ্রমিকের গল্প
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:১০ এএম 
প্রতীকী ছবি
বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে অনেক সিনেমা। যেখানে উঠে এসেছে তাদের ঘাম ঝরানো জীবনের গল্প। ঢাকাই সিনেমাতেও এর ব্যতিক্রম ঘটেনি। নানা শ্রেণির শ্রমিকদের নিয়ে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা।  

চা শ্রমিকদের বঞ্চনা, শোষণ আর প্রতিবাদের পাশাপাশি ভালোবাসার গল্প উঠে এসেছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তি পায় ২০২৪ সালে। এতে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও নীরব। এ ছাড়া শতাব্দী ওয়াদুদ, নওশাবা, আজম খান, সুমিত ও ডনসহ অনেকে অভিনয় করেছেন।
  
অপু বিশ্বাসের প্রযোজনায় বন্ধন বিশ্বাস আরও একটি সিনেমা বানিয়েছেন যেখানে তিনি তুলে ধরেছেন বাংলার অবহেলিত তাঁতশিল্প ও এর শ্রমিকদের গল্প। ‘লাল শাড়ি’ নামের এই সিনেমায় অপুর সঙ্গে অভিনয় করেছেন সাইমন সাদিক। 

নারী পোশাক শ্রমিকের জীবন নিয়ে রুবাইয়াত হোসেনের ‘শিমু-মেড ইন বাংলাদেশ’ সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। মূলত পোশাকশ্রমিক ‘ডালিয়া’র বাস্তব জীবন সংগ্রামের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এটি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন রিকিতা নন্দিনী শিমু। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও শাহানা গোস্বামী।

এর আগে ২০১২ সালে তাজরীন ও ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনা নিয়ে নির্মিত হয় ‘রানা প্লাজা’। এতে অভিনয় করেন সাইমন সাদিক ও পরীমণি। পরিচালনা করেছেন নজরুল ইসলাম। আদালতে আটকে থাকায় আজও আলোর মুখ দেখেনি সিনেমাটি।  

তাজরীনে আগুনে পুড়ে শত শ্রমিকের মৃত্যুর আগে ২০১১ সালে জি সরকার নির্মাণ করেন ‘গার্মেন্ট কন্যা’। পোশাক শ্রমিকদের যাপিত জীবন ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে মুস্তাফিজুর রহমান বাবু নির্মাণ করেছেন ‘গার্মেন্ট শ্রমিক জিন্দাবাদ’। এর কাহিনি ও চিত্রনাট্য করেছেন কাজী হায়াত। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। 


প্রবাসী শ্রমিকদের কষ্টকর জীবনের একটি অধ্যায় বর্ণনা হয়েছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অজ্ঞাতনামা’ সিনেমায়। সিনেমার পরিচালক তৌকীর আহমেদের মতে, সিনেমাটির গল্প একটি মৃত্যুকে কেন্দ্র করে এগিয়ে গেলেও এখানে প্রবাসী শ্রমিকদের কষ্টকর জীবনযাত্রা বিস্তার লাভ করেছে। তাদের প্রতি অবহেলা এবং তাদের অসহায়ত্ব এখানে বিধৃত হয়েছে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, শতাব্দী ওয়াদুদ, নিপুণ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

২০১৭ সালে মুক্তি পায় সাজিদুল আওয়ালের ‘ছিটকিনি’ সিনেমা। স্বামীহারা পাথরশ্রমিক ময়মুনার জীবনচিত্র নিয়ে সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে। ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, নাইমুর রহমান আপন প্রমুখ। 

২০২২ সালের আলোচিত সিনেমা ‘হাওয়া’। মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে আটকেপড়া মৎস্য শ্রমিক অর্থাৎ, বেশ কয়েকজন মাঝি ও রহস্যময় এক বেদের মেয়ের আগমন নিয়ে এগিয়েছে এর গল্প। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষিসহ অনেকে। 

সাধারণ অর্থে ধানকাটা শ্রমিকদের বলা হয় ‘দাওয়াল’। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই শ্রমজীবীরা। ১৯৪৮-৯০ সালের দিকে ধান-চাল সংকটে থাকা ফরিদপুর ও ঢাকা জেলার অসংখ্য মানুষ খুলনা-বরিশাল অঞ্চলে ধান কাটার মৌসুমে দলবেঁধে দিনমজুর হিসেবে যেত। পারিশ্রমিক হিসেবে কিছু ধান নৌকায় ভরে ফিরে আসত নিজেদের ঘরে। খাদ্যশস্যের জন্য দাওয়ালদের এই দীর্ঘ ভ্রমণ ও জীবনযুদ্ধ নিয়ে পিকলু চৌধুরী নির্মাণ করেছেন ‘দাওয়াল’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেলেও সিনেমাটি এখনও আলোর মুখ দেখেনি। 

এর বাইরে ‘জীবন থেকে নেয়া’, ‘ভাত দে’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘বিক্ষোভ’, ‘বিদ্রোহ চারদিকে’সহ আরও অনেক সিনেমায় কখনো সরাসরি দেখানো হয়েছে শ্রমিকদের সঙ্গে হওয়া অন্যায়ের দৃশ্য কখনো বা প্রতীক হয়ে এসেছে বাংলাদেশে শ্রমিকদের শোষণের চিত্র। 

এফআর


  বিষয়:   দেশীয় সিনেমা  শ্রমিক  গল্প 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: