ঢাকা আইনজীবী সমিতি ২০২৬-২৭ কার্যপরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। তবে একটি পদেও বিজয় অর্জন হয়নি জামায়াত সমর্তিত সবুজ প্যানেলের।
শুক্রবার (১ মে) রাত ১০টায় নির্বাচন কমিশনার রাযহান মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু নির্বাচন কমিশন পরবর্তীতে অফিশিয়ালি ঘোষণা করবেন।
এদিকে এনসিপির আইনজীবী ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে। তবে প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন এই অভিযোগ অস্বীকার করেছেন।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে পরাজয় হবে জেনেই তারা পরিকল্পিতভাবেই আগে থেকে অভিযোগ উত্থাপন করেছে। এই অভিযোগের কোনো ভিত্তি নেই।
এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এরপরে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবার নির্বাচনে ২০ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রথম দিন দুই হাজার ৭৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার ভোট দিয়েছেন চার হাজার ৪১০ জন।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নীল প্যানেলে (বিএনপি-সমর্থিত) যারা জয়লাভ করেছেন তারা হলেন- সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, ট্রেজারার আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার আ্যনি, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান, কালচালার সেক্রেটারি মারজিয়া হিরা, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক।
কার্যকরী সদস্য পদে এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও, ফিরোজা ইয়াসমিন, মামুন মিয়া, আদনান রহমান, নজরুল ইসলাম মামুন, নিজামউদ্দিন, সামিউল, মোজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন, সৈয়দ সারোয়ার আলম নিশান। এছাড়া জামায়াত সমর্থিত সবুজ প্যানেল ও স্বতন্ত্র হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা সকলেই পরাজিত হয়েছেন।
সময়ের আলো/জেডআই