প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট পৌঁছে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার পর তাকে বহনকারী লাল সবুজের বাসটি নেতাকর্মীদের ভিড়ের মধ্যে দিয়ে শাহজালাল মাজারে পৌঁছে। পরে তারেক রহমান দলীয় নেতাকর্মী নিয়ে তিনি মাজারে ফাতেহা পাঠ ও দোয়া করেন।
এর আগে, সকাল থেকেই মাথায় আকাশভাঙা বৃষ্টি, কিন্তু সেই প্রতিকূল আবহাওয়া পার করে সিলেটে পৌঁছান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেটে এখন সাজ সাজ রব, যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল পুণ্যভূমিবাসীর।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্থানীয় প্রশাসন ও দলীয় উর্ধ্বতন নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নগরীর উদ্দেশ্যে রওনা হন।
প্রধানমন্ত্রীর আজকে অত্যন্ত ব্যস্ত সফরসূচি সিলেটে। কর্মসূচির শুরুতেই তিনি সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষবার মাজার জিয়ারত করতে তিনি সিলেটে এসেছিলেন; তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে তার এই জিয়ারত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বাড়তি আবেগ তৈরি করেছে।
সিলেটের দীর্ঘদিনের সমস্যা নিরসনে আজ দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী (বাসিয়া খাল) খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেটের অবকাঠামোগত চেহারা বদলে যাবে।
সফরের অন্যতম আকর্ষণীয় অংশ হলো বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। বিকেল ৩টায় এই জমকালো ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি। এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে একটি বিশেষ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী, যেখানে আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক দিকনির্দেশনা আসার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটবাসী বড় কিছু পাওয়ার অপেক্ষায় আছেন। বিশেষ করে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক এবং রেল যোগাযোগের আধুনিকায়ন নিয়ে বড় ধরনের কোনো ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুরো শহর এখন নিরাপত্তার চাদরে ঢাকা। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বর্ণিল তোরণ, ব্যানার ও ফেস্টুন। বৃষ্টি সত্ত্বেও রাস্তার দুই পাশে প্রিয় নেতাকে একনজর দেখার জন্য ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের রাজনীতি ও উন্নয়নে এক নতুন মাইলফলক হতে যাচ্ছে।
/কেএইচও