মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয়টি বৃষ্টিতে ভেসে যাওয়ায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ জয়ের এক অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। তবে রৌদ্রোজ্জ্বল সকালের পর হঠাৎ করেই মিরপুরের আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ায় দর্শকদের মনে নতুন করে বৃষ্টির শঙ্কা দানা বাঁধছে।
নির্ধারিত সময়েই মাঠে টস সম্পন্ন হয়। টস ভাগ্য সহায় হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের। কন্ডিশন বিবেচনায় নিয়ে তিনি শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সিরিজে এবারই প্রথম শুরুতে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে। এর আগে প্রথম ম্যাচে টসে জিতে পরে ব্যাটিং করেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।
আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা সাইফউদ্দিনের জন্য এটি লম্বা সময় পর দলে ফেরার বড় সুযোগ।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিতলেই কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নিজেদের করে নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে খেলার ঠিক আগমুহূর্তে মিরপুরের আবহাওয়ার আকস্মিক পরিবর্তন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্যালারিতে হাজির হওয়া দর্শকরা যেমন টানটান উত্তেজনার অপেক্ষায় আছেন, তেমনি মেঘলা আকাশের দিকে তাকিয়ে চট্টগ্রামের পুনরাবৃত্তির আশঙ্কাও করছেন অনেকে।
/কহু