মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হানা দিয়েছে বৃষ্টি। নিউজিল্যান্ডের আমন্ত্রণে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৫০ রান তোলার পরই বন্ধ হয়ে যায় মাঠের লড়াই। বর্তমানে মুষলধারে বৃষ্টির কারণে পিচ ও আউটফিল্ডের বড় অংশ ঢেকে রাখা হয়েছে কাভারে। মাঠ ছেড়ে ড্রেসিংরুমে অবস্থান করছেন দুই দলের ক্রিকেটাররা।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের শুরুটা খুব একটা সুখকর হয়নি। ৬.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ক্রিজে অপরাজিত আছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটন ১৩ বলে ২৫ এবং হৃদয় ৫ বলে ২ রান করে খেলছিলেন। তবে ইনিংসের মাঝপথেই প্রকৃতির বাধায় খেলা স্থগিত করতে বাধ্য হন আম্পায়াররা।
ম্যাচটি ফল হওয়ার জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত দুই ইনিংসেই ৫ ওভার করে খেলা হওয়া প্রয়োজন। বাংলাদেশ ইতোমধ্যে ৬.৪ ওভার ব্যাটিং করে ফেলায় ম্যাচের একটি শর্ত পূরণ হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে নিউজিল্যান্ডের ইনিংস শুরুর জন্য বিকেল ৫টা ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি এই সময়ের মধ্যে বৃষ্টি না থামে, তবেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে।
তবে যদি বৃষ্টি থামে এবং বাংলাদেশ আর ব্যাটিং করার সুযোগ না পায়, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচটি কোনো কারণে আর মাঠে না গড়ালে বাংলাদেশ সিরিজ জিতে নেবে। তবে মিরপুরের গ্যালারিতে হাজির হওয়া হাজারো ক্রিকেটপ্রেমী পূর্ণাঙ্গ একটি লড়াই দেখার আশায় বৃষ্টির তীব্রতা কমার প্রহর গুনছেন। আপাতত সবার দৃষ্টি মিরপুরের আকাশ আর স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমের ওপর।
/কহু