দেশজুড়ে বজ্রপাতে মৃত্যুর তালিকায় এগিয়ে রয়েছেন কৃষকরাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ)।
শুক্রবার (১ মে) মুন্সীগঞ্জের আড়িয়াল বিল এলাকায় শতাধিক কৃষকের মাঝে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, বজ্রপাতের সময় খোলা মাঠ সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান। তাই আকাশে কালো মেঘ দেখা দিলে দ্রুত কাজ বন্ধ করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে গাছের নিচে আশ্রয় নেওয়া অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করা হয়।
এসএসটিএফের একাধিক প্রতিনিধি দল মুন্সীগঞ্জের সিরাজদিখান ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে ধান কাটায় ব্যস্ত কৃষকদের ছোটো ছোটো দলে ভাগ করে এসব পরামর্শ দেন। এ সময় কৃষকদের মাঝে কোমল পানীয়, শরবত ও স্যালাইন বিতরণ করা হয়।
এসএসটিএফ কৃষকদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে:-
১. কালো মেঘ দেখলেই খোলা মাঠ ছেড়ে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে
২. বজ্রপাতের সময় কোনো অবস্থাতেই গাছের নিচে থাকা যাবে না
৩. মাঠে কাজ করার সময় অবশ্যই জুতা পরিধান করতে হবে
সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, গবেষণা সেলের প্রধান আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদসহ অন্য স্বেচ্ছাসেবীরা।
এসএসটিএফের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি। পাশাপাশি মার্চ থেকে জুন- এই চার মাস নিয়মিত বজ্রপাত সচেতনতা কার্যক্রম চালানোরও আহ্বান জানান তিনি।
সংগঠনের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ জানান, বজ্রপাত বেড়ে যাওয়ার পেছনে প্রধান দুটি কারণ হলো- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং গ্রামাঞ্চলে বড় গাছ নির্বিচারে কেটে ফেলা। এতে খোলা মাঠে মানুষের ঝুঁকি বেড়ে গেছে।
তিনি আরও বলেন, ‘অনেকে মনে করেন গাছের নিচে আশ্রয় নেওয়া নিরাপদ, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। বরং পাকা স্থাপনার নিচে আশ্রয় নেওয়াই নিরাপদ।’