টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমেই ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে আগামী ৩ দিনে অতি ভারী বৃষ্টিপাতের ফলে নতুন করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
শনিবার (২ মে) দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর ও নদ-নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
হাওর অববাহিকার ভেতরে গত ২৪ ঘণ্টায় কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও এ অঞ্চলে মাঝারি থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এই অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে তৃতীয় দিন কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানি সমতল প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নেত্রকোনা জেলার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি সমতল আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে এবং নেত্রকোনা জেলার ভুগাই-কংস অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টায় প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নেত্রকোনা জেলার বাউলাই নদীর অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে হবিগঞ্জের খোয়াই ও সুতাং নদী এবং মৌলভীবাজারের মনু ও জুড়ি নদীর পানি সমতল আগামী তিন দিনে আরও বাড়তে পারে। বিশেষ করে খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত বেড়ে প্রাক-মৌসুমী বিপৎসীমা অতিক্রম করতে পারে, আর মনু নদীর পানি সতর্ক সীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এর ফলে মৌলভীবাজার জেলার হাওর সংলগ্ন নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, একই সঙ্গে হবিগঞ্জে বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।
অন্যদিকে, সুনামগঞ্জের নলজুর নদীর জগন্নাথপুর পয়েন্ট, নেত্রকোনার ভুগাই-কংস নদীর জারিয়াজাঞ্জাইল পয়েন্ট, সোমেশ্বরী নদীর কমলাকান্দা পয়েন্ট, মগরা নদীর নেত্রকোনা ও আটপাড়া পয়েন্ট এবং হবিগঞ্জের সুতাং নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে বর্তমানে পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সময়ের আলো/জেডআই