গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার দুই কর্মীকে আটকে রেখেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজা উপত্যকার দীর্ঘদিনের অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক অধিকাংশ মানবাধিকার কর্মীকে মুক্তি দিলেও দুইজনকে জিজ্ঞাসাবাদের

2026-05-02T21:12:57+00:00
2026-05-02T21:12:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার দুই কর্মীকে আটকে রেখেছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:১২ পিএম 
সংগৃহীত ছবি
গাজা উপত্যকার দীর্ঘদিনের অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক অধিকাংশ মানবাধিকার কর্মীকে মুক্তি দিলেও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ইসরায়েল। 

শনিবার (২ মে) ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমা থেকে আটক হওয়া ওই ত্রাণবহরের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে আনা হয়েছে।

আটককৃতরা হলেন ব্রাজিলের নাগরিক থিয়াগো ডি অ্যাভিলা এবং স্পেনের নাগরিক সাইফ আবু কেশেক। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, তেল আবিবে নিযুক্ত নিজ নিজ দেশের কনস্যুলেট থেকে এই দুই কর্মীকে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক সহায়তা প্রদান করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী এই ফ্লোটিলার ওপর হামলা চালায় ইসরায়েলি নৌবাহিনী। অভিযানে গাজায় ত্রাণবাহী ২০টিরও বেশি নৌযান জব্দ করা হয় এবং বিভিন্ন দেশের প্রায় ১৭৫ জন মানবাধিকার কর্মীকে আটক করে গ্রিসের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়। 

সেখান থেকে অধিকাংশ কর্মীকে মুক্তি দেওয়া হলেও ব্রাজিল ও স্পেনের এই দুই নাগরিককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে। এদিকে ক্রিট দ্বীপ থেকে মুক্তি পাওয়া ৫৯ জন মানবাধিকার কর্মীকে নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শুক্রবার গভীর রাতে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। এই ফ্লাইটে ১৮ জন তুর্কি নাগরিকসহ বিভিন্ন দেশের কর্মীরা রয়েছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০০৭ সাল থেকে ইসরায়েলের আরোপিত কঠোর অবরোধের ফলে সেখানকার ২৪ লাখ মানুষ চরম খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দুই বছরের নৃশংস সামরিক অভিযানে, যাতে ৭২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। 

দীর্ঘ সংঘাতের পর ২০২৫ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও গাজায় মানবিক ত্রাণ প্রবেশের ওপর ইসরায়েলের কঠোর বিধিনিষেধ ও বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। মূলত এই মানবিক বিপর্যয় মোকাবিলায় বিশ্বজুড়ে সংহতি জানিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ত্রাণ নিয়ে সমুদ্রপথে যাত্রা করেছিল।

ইসরায়েলি বাহিনীর এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন ফিলিস্তিনপন্থি কর্মীরা। তারা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় সাধারণ ত্রাণবাহী নৌযানের ওপর হামলা এবং নিরপরাধ কর্মীদের আটক করা মানবাধিকারের পরিপন্থী।

যদিও ইসরায়েল দাবি করেছে, নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা এই অভিযান চালিয়েছে। দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের পর তাদের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে স্পেন ও ব্রাজিল সরকারের পক্ষ থেকে তাঁদের মুক্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক চাপ আসে কি না, সেদিকেই এখন সবার নজর।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

সময়ের আলো/টিএইচ


  বিষয়:   মধ্যপ্রাচ্য  ইসরায়েল  গ্লোবাল সুমুড ফ্লোটিলা  গাজা  ফিলিস্তিন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: