বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন (৩৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ৭ বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে রংমিস্ত্রি সোহেলের টিন-কাঠের ঘরের ওপর একটি বড় চাম্বুল গাছ ভেঙে পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়ে ইয়াসমিন ঘটনাস্থলেই নিহত হন এবং তার ছেলে জিসান গুরুতর আহত হয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই প্যাকেট খাদ্যসামগ্রী এবং মরদেহ দাফন-কাফনের জন্য ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে আরও সহায়তা দেওয়া হবে।
ঘটনার পর থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে এ ঘটনায় পরিবারে শোকের মাতম বিরাজ করছে এবং পুরো এলাকায় নেমে এসেছে শোকাবহ পরিবেশ।
একই ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা, পানের বরজ, পেঁপে বাগান ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।