পোস্টারের পর এবার প্রকাশ্যে এলো শাকিব খানের রকস্টার সিনেমার নতুন চমক। আসল নয়, মুক্তি পেয়েছে ‘রকস্টার’-এর অ্যানিমেশন ঝলক।
গতকাল নিজের ফেসবুকে সিনেমাটির একটি এনিমেটেড টিজার শেয়ার করেন শাকিব খান। প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
৫৩ সেকেন্ডের টিজারের শুরুতেই দেখা যায় এক রূপকধর্মী দৃশ্য, নীল আকাশে ওড়ে বেড়ানো একটি সাদা পাখি, যা স্বাধীনতার প্রতীক। হঠাৎ বজ্রাঘাতে আহত হয়ে পাখিটি মাটিতে পড়ে যায়। এই ঘটনার মধ্য দিয়েই গল্প ফিরে যায় অতীতে।
পর্দায় ভেসে ওঠে এক শিশুর শৈশব, যার স্বপ্ন বড় হয়ে একজন সংগীত তারকা হওয়া। পরবর্তী দৃশ্যগুলোতে শাকিব খানকে দেখা যায় একেবারে নতুন রূপে। হাজারো দর্শকের সামনে গিটার হাতে, চোখে রোদচশমা- একজন সংগীত তারকা হিসেবে হাজির তিনি।
এখানেই শেষ নয়, টিজারের শেষাংশে একটি গাড়ির ওপর গিটার হাতে শুয়ে থাকতে দেখা যায় তাকে, যা চরিত্রটির বোহেমিয়ান ও দাপুটে ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে।
পরিচালক আজমান রুশো বললেন, ‘চমকপ্রদ আরও অনেক কিছু রয়েছে সামনে। ধাপে ধাপে সবকিছু আসবে।’
টঙ্গীতে চলছে ‘রকস্টার’-এর শেষ মুহূর্তের শুটিং। আর মাত্র তিন-চার দিন শুটিং করেই ক্যামেরা ক্লোজ করবেন বলেও জানান পরিচালক। ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূরসহ আরও অনেকে।
এর আগে সিনেমাটির দুটি পোস্টা প্রকাশ হয়। প্রথম পোস্টারে শাকিব খানকে দেখা যায় এক বিধ্বংসী ও ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে। অন্যদিকে দ্বিতীয় পোস্টারে ফুটে উঠে এক স্নিগ্ধ রোমান্টিক রসায়ন। যেখানে প্রকৃতির মনোরম পরিবেশে শাকিব খানের কাঁধে মাথা রেখে এক অন্যরকম আবেশে জড়িয়ে আছেন অভিনেত্রী সাবিলা নূর।
জানা গেছে, সিনেমার মূল টিজার প্রকাশ পাবে আগামী ৫ মে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কুরবানির ঈদে মুক্তি পাবে ‘রকস্টার’।
সময়ের আলো/আআ