স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্ণগঠন, আলোচনায় ত্যাগী নেতারা

রফিক রাফি

রাজনীতি

দলীয় কার্যক্রম গতিশীল রাখতে ও তৃণমূল পর্যায়ে তা জোরদার করতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পূর্ণগঠন করার উদ্যোগ নিয়েছে

2026-05-03T21:05:34+00:00
2026-05-04T16:59:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্ণগঠন, আলোচনায় ত্যাগী নেতারা
রফিক রাফি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:০৫ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৪:৫৯ পিএম
সংগৃহীত ছবি
দলীয় কার্যক্রম গতিশীল রাখতে ও তৃণমূল পর্যায়ে তা জোরদার করতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পূর্ণগঠন করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতৃত্বে কে আসতে পারেন তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ইতোমধ্যে লবিং তদবির শুরু করে দিয়েছেন পদ প্রত্যাশী নেতারা।

দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কমিটি গঠনের কাজ চলছে। কমিটির সুপার ফাইভে করা স্থান পেতে পারেন, সে বিষয়ে দলের হাইকমান্ড খোঁজ খবর নিচ্ছেন। দলের হাই কমান্ড সিদ্ধান্তে দ্রুতই কমিটি চূড়ান্ত হতে পারে।

সংগঠনের নেতারা জানান, বর্তমান সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এমপি নির্বাচিত হওয়ার পর সাংগঠনিক কার্যক্রমে তাদের সময় দেওয়ার বিষয়টি সীমিত হয়ে পড়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গত নির্বাচনে ঝিনাইদহ-৪ থেকে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রার্থী হন। দল থেকে তাকে বহিষ্কার করা হয়। তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদও ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া ‘এক নেতার এক পদ’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে, এমন আলোচনা রয়েছে দলের অভ্যন্তরে। এমন প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের বিষয়টি আরো গতি পায়।
আরও পড়ুন

নেতারা বলছেন, সম্প্রতি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। সেখানে কমিটি পূর্ণগঠনের বিষয়ে আলোচনা হয়। এবারও নতুন ও পুরোনো নেতাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠন করা হবে। যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং তৃণমূল নেতাকর্মীদের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, তারাই শীর্ষ পদে অগ্রাধিকার পাবেন।

কমিটি পুনর্গঠন প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, সংগঠনের কমিটি পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

শীর্ষ পদে আলোচনায় যারা : ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। কমিটি পুনর্গঠনে আলোচনা শুরু হলে নতুন কমিটির শীর্ষ নেতৃত্ব সংগঠনের কেউ দায়িত্ব পাবেন নাকি সংগঠনের বাইরে থেকে অঙ্গদল থেকে নেতৃত্ব আসবে, এ নিয়েও রয়েছে জোর আলোচনা।

শীর্ষ পদে আলোচনায় আছেন সভাপতি পদে বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ।

সাধারণ সম্পাদক পদে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, উত্তরের সভাপতি শেখ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ ফয়েজসহ কয়েকজন আলোচনায় রয়েছেন।

এ ছাড়া ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে একাধিক নেতার নাম রয়েছে আলোচনায়। এদের মধ্যে আলোচনায় আছেন, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের বর্তমান কমিটির নেতৃবৃন্দও।

স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন সময়ের আলোকে বলেন, যারা ত্যাগী তাদেরকে অগ্রাধিকার দেয়া উচিৎ। যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের দিয়ে কমিটি গঠন করা হলে সংগঠনে গতিশীলতা ফিরে আসবে।

স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন সময়ের আলোকে বলেন, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, যারা তৃনমূলকে সংগঠিত করে সংগঠনকে আরও শক্তিশালী করতে পারবেন, আমার বিশ্বাস আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক তাদেরকে তিনি মূল্যায়ন করবেন।

সভাপতি পদের দৌড়ে এগিয়ে থাকা বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সময়ের আলোকে বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামের অবদান ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকবো।

তিনি বলেন, আমরা যারা জেল-জুলুম-নির্যাতন ও গুমের শিকার হয়েও রাজপথে ছিলাম তাদের মূল্যায়ন করা হোক। আমার বিশ্বাস দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন দেশনায়ক তারেক রহমান। আমাকে দায়িত্ব দিলে মেধা ও অভিজ্ঞতা দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা পালন করবো।

রফিকুল ইসলাম রফিক সময়ের আলোকে বলেন, দীর্ঘ ২৭ বছরের রাজনৈতিক জীবনে ৪৭টি মামলায় ৭ বারে ৭ মাস ৬ দিন কারাবরণ করেছি। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার হামলার শিকার হয়েছি। জাতীয়তাবাদের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন দিতেও প্রস্তুত। দলের চেয়ারম্যান সাংগঠনিক অভিভাবক যে দ্বায়িত্ব দেন সেটাই ঈমানের সাথে পালন করব- ইনশাআল্লাহ।

সভাপতি পদে আলোচনায় থাকা ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন সময়ের আলোকে বলেন, দীর্ঘদিন রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, হামলা-মামলার শিকার হয়েছি। তাই আমাদের সাংগঠনিক অভিভাবক আমাকে যে দায়িত্ব দিবেন সেটাই পালন করবো।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সময়ের আলোকে বলেন, সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম চলছে, কোথাও সম্মেলনের প্রস্তুতি চলছে। যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে সেগুলো এক এক করে দেওয়া হবে। সেখানে ত্যাগী ও পরীক্ষিতরা স্থান পাবেন।

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। পরে সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এএডি/


  বিষয়:   স্বেচ্ছাসেবক  দল  কমিটি  পূর্ণগঠন  আলোচনা  ত্যাগী  নেতা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: