‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মুক্তি ঘিরে দ্বন্দ্বে জড়িয়েছেন সিনেমাটির পরিচালক হাসান জাহাঙ্গীর ও চিত্রনায়ক ওমর সানী। সিনেমাটিতে হাসান জাহাঙ্গীরের বিপরীতে অভিনয় করেছেন ওমর সানীর স্ত্রী অভিনেত্রী মৌসুমী।
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ওয়েব সিরিজ হিসেবে এর শুটিং শুরু হয়েছিল। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন হাসান জাহাঙ্গীর। তবে ছবি মুক্তির ঘোষণা দিতেই স্বামী ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন হাসান জাহাঙ্গীর।
ওমর সানী ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওর একটি অংশে মৌসুমীর অডিও শোনা যায়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছিল একটি নাটক, বড় হয়ে যাওয়ায় সেটি টেলিফিল্ম হিসেবে চালানোর কথা জানায়। সেটা কীভাবে সিনেমা হয়ে গেল, বুঝতে পারছি না। ঘটনায় হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওমর সানী।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হাসান জাহাঙ্গীর জানান, মৌসুমীকে চাপ দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য নিয়েছেন ওমর সানী। তিনি এই প্রোডাকশনের সঙ্গে জড়িত নন। তিনি এই ছবির বিষয়ে কিছু করতে পারেন না। মৌসুমী ম্যাডাম সিনেমা করেছেন, সরকার, সমিতিসহ সবগুলো পক্ষ অনুমোদন ও অনুমতি দিয়েছে। সবাই হলে গেলে দেখবে এটা সিনেমা না, ওয়েব সিরিজ।
হাসান জাহাঙ্গীর আরও বলেন, তিনি প্রমাণ করুক এটা সিনেমা নয়। সব সমিতি আমাকে ফোন করেছিল, আমি তাদের বিস্তারিত জানিয়েছি। সানী ভাই সিনেমা রিলিজের আগে তৃতীয় পক্ষের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করেন। তিনি তার ব্যবস্থা নিক, আমারটা আমি নেবো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সঙ্গে যোগাযোগ করবে।
তিনি বলেন, সানী ভাইয়ের প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, তা তিনি নষ্ট করলেন। তিন কোটি টাকা খরচ হয়েছে আমার। তার কারণে যদি কেউ সিনেমাটা না নেয়, আমি তার বিরুদ্ধে ৬ কোটি টাকা মানহানির মামলা করবো। তিনি আমাকে হুমকিও দিচ্ছেন।
হাসান জাহাঙ্গীর বলেন, আমেরিকায় একজন আছে, মৌসুমী ম্যাডামকে তিনিই ডিলিং করেন। সে আমাকে এসে বলেছেন, সানী ভাই কিছু টাকা-পয়সা চাচ্ছেন, দিয়ে দেন। তিনি বলেছেন, সানী ভাইকে ম্যানেজ করেন।
মৌসুমী প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, মৌসুমী ম্যাডামের সম্মান ওয়ার্ল্ডওয়াইড, তিনিও আমাকে সম্মান করেন। পারস্পরিক এই সম্মানের কারণে আমরা এত কাজ করতে পেরেছি। এত স্ক্যান্ডাল ছড়ালো, তিনি কিন্তু আমাকে কিছুই বলেননি। তাকে দিয়ে আমি ওয়েব সিরিজও করলাম, তিনি তো কিছু বলেননি। আমাদের দেশের ছেলেরা বিদেশে গিয়ে বিপদে পড়ে, এসব নিয়ে চমৎকার একটা গল্পের সিনেমা করেছি আমরা।
গত মার্চ মাসে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত নতুন কোনো সিনেমা। এর আগে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘সোনার চর’।
হাসান জাহাঙ্গীরের দাবি প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে ওমর সানীকে ফোনে পাওয়া যায়নি।
সময়ের আলো/আআ